হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের মুখে দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী তথা বারাসতের বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। বুধবার দুপুরে মধ্যমগ্রামের বাদু রোডে তৃণমূলে কার্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। মাথায় গুরুতর চোট পেয়েছেন কাকলি। ইতিমধ্যেই চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



আরও পড়ুন: ফাইনাল খেলতে আবার আসব, অসমে ট্রেলার দেখিয়ে মমতার মুখে ‘জয় অসম জয় বাংলা’
বুধবার মধ্যমগ্রামে (Madhyamgram) তৃণমূলের কার্যালয়ে একটি যোগদান কর্মসূচি ছিল। সেখানেই যাচ্ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সূত্রে খবর, সেইসময়েই একটি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে এসে তৃণমূল প্রার্থীর কনভয়ের মাঝে চলে আসে, জোরে ধাক্কা দেয়। এরফলে কাকলির গাড়িটি ঘুরে যায়। তাতেই মাথায় চোট পান তিনি। ঘটনাস্থল থেকে তৃণমূলের কার্যালয়ে চলে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্মসূচি শেষ করেন। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসত মহকুমা হাসপাতালে।



দুর্ঘটনায় বারাসতের বিদায়ী সাংসদের গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটির ডানদিকের পিছনের দিকের দরজার বেশ কিছুটা অংশ দুমড়ে গিয়েছে। বরাতজোরে রক্ষা পেয়েছেন কাকলি। তবে কে আচমকা তৃণমূল প্রার্থীর গাড়িতে ধাক্কা মারল, নেহাত দুর্ঘটনা নাকি অন্য ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ ঘটনাটিকে খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার, দ্রুত গতিতে এসে কনভয়ে ধাক্কা, মাথায় গুরুতর চোট

তৃণমূলের অন্যতম হেভিওয়েট প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ২০০৯ সাল থেকে টানা তিনবার বারাসতের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় স্তরের বিভিন্ন ঘটনায় বাংলা থেকে পাঠানো প্রতিনিধি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। উত্তর ২৪ পরগনার বারাসত লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদের উপরই ভরসা রেখেছে শাসক দল। আগামী ১ জুন এই কেন্দ্রে সপ্তম দফায় ভোট গ্রহণ হবে।







