বিশ্ব নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। লোকসভা ভোটের আগে এই গ্যাসের দাম কমানো নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বিরোধীদের সাফ কথা, সাধারণ মানুষের কথা ভেবে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র বরং নেওয়া হয়েছে ভোটের কথা ভেবে। গ্যাসের দাম কমানো নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা শান্তনু সেন এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
আরও পড়ুন: বিজেপির কোন কেন্দ্রের প্রার্থী কুণাল সরকার? জানালেন চিকিৎসক নিজেই!
শান্তনুর কথায়, “২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার সময় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৪০০ টাকা। মোদী আমলে ১২০০ টাকা হয়েছে। এ বার ১০০ টাকা কমিয়েছে। ভোটের ফল ঘোষণার আগেই ২০০ টাকা বাড়িয়ে দেবে।’’ অন্যদিকে সুজন চক্রবর্তী বলেন, “মন্দের ভালো। কিন্তু, আমার প্রশ্ন, এই সিদ্ধান্তগুলো ভোটের আগেই কেন নেওয়া হয়? আদৌ কি সাধারণ মানুষের কথা ভেবে নাকি অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্যে? ভোটের পরেই দাম বেড়ে যাবে না তো? আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, ভারতে কমছে না কেন?”

নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজ নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আশা করি, এর ফলে সারা দেশে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবে। বিশেষ করে নারী শক্তি উপকৃত হবে।”

এখন কমলেও ভোটের পরেই বাড়বে গ্যাসের দাম, মোদী সরকারের আচরণে সন্দেহ বাম-তৃণমূলের!
প্রসঙ্গত, বর্তমানে উজ্জ্বলা যোজনায় মহিলারা ৩০০ টাকা করে ভর্তুকি পাচ্ছেন। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এই ভর্তুকি পাবেন তাঁরা। আর উজ্জ্বলা যোজনায় বাইরে একটি এলপিজি সিলিন্ডারের দাম ১,১০০ টাকা ছিল। মোদী সরকার গত বছরের অগস্টে সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানোয় তা ৯০০ টাকায় নামে। এ বার, আরও ১০০ টাকা দাম কমায় ৮০০ টাকায় একটি এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে। কলকাতায় রান্নার গ্যাসের দাম হবে ৮২৯ টাকা।




