নজরবন্দি ব্যুরোঃ ভোটের দিনে কসবায় টাকা বিলির অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। রাজ্যে চতুর্থ দফা নির্বাচনকে ঘিরে একের পর এক অশান্তির ঘটনা উঠে আসছে রাজ্য জুড়ে। কোথাও ভোট দিতে এসে গুলিতে প্রান হারাচ্ছে তরুণ আবার কোথাও বা ধারালো অস্ত্র নিয়ে চলছে শক্তিপ্রদর্শন।
আরও পড়ুনঃ প্রথমবার ভোট দিতে এসে গুলিতে প্রাণ গেল অষ্টাদশের তরুণের, উত্তপ্ত শীতলকুচি।


আর এবার ভোটের দিন সকালে টাকা বিলির অভিযোগ উঠলো বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ কসবা কেন্দ্রের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ টাকা বিলি করে ভোট কিনতে চাইছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যদিও ইন্দ্রনীল নিজে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার সূত্রপাত শনিবার সকাল ৭টায় চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর। কসবার ওই কেন্দ্রে স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন ছিল। তার মধ্যেই সকাল সকাল তৃণমূল এবং বিজেপি-র মধ্যে ঝামেলা বাধে।
তৃণমূলের অভিযোগ, ভোটের সকালে বস্তিতে প্রচারে নামেন ইন্দ্রনীল। সেখানে গিয়ে বেশ কয়েক জনের হাতে ১০০০ টাকা করে দেন তিনি। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, এলাকাবাসীরাই বিষয়টি তাঁদের জানান। এর পর এলাকায় পৌঁছে ইন্দ্রনীলকে তাঁরা বাধা দেন বলে জানান তৃণমূল কর্মীরা। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, তাতেই তেড়ে ওঠেন বিজেপি প্রার্থী। বহিরাগতদের নিয়ে ইন্দ্রনীল এলাকায় ঢুকেছেন বলেও অভিযোগ করেন তৃণমূল কর্মীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন ইন্দ্রনীল। টাকা বিলির অভিযোগও উড়িয়ে দেন তিনি।
ভোটের দিনে কসবায় টাকা বিলির অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। বরং তৃণমূলের লোকেরাই ভোটারদের ভয় দেখাচ্ছেন বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি। অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত দক্ষিন কলকাতার এই বিধানসভা কেন্দ্র। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিয়ন্ত্রনে আসে ওই এলাকার পরিস্থিতি।









