ভোটে হার, তারপর অজ্ঞাতবাস! ভোরে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর জনসমক্ষে খুব কমই দেখা গিয়েছিল তাঁকে। সোমবার ভোরে দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। ভোট-পরবর্তী হিংসা ও লটারি মামলার তদন্তে এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী মহল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
Advertisement

ভোটে পরাজয়ের পর দীর্ঘদিন ধরেই ছিলেন প্রকাশ্যের বাইরে। শেষ পর্যন্ত সোমবার ভোরে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে ও তৃণমূলের প্রাক্তন প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এবং লটারিতে কোটি টাকা জেতা এক ব্যক্তির কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে দক্ষিণেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তীর্থঙ্কর ঘোষকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনায় তাঁর নাম উঠে আসে। পাশাপাশি কোটি টাকার লটারি জয়ী এক ব্যক্তির কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগেও তিনি অভিযুক্ত।

পানিহাটি এলাকায় ‘পুচিদা’ নামে পরিচিত তীর্থঙ্কর ঘোষের রাজনৈতিক উত্থান বাবার হাত ধরেই। তাঁর বাবা নির্মল ঘোষ দীর্ঘদিন ওই কেন্দ্রের প্রভাবশালী নেতা ও একাধিকবারের বিধায়ক ছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নির্মল ঘোষ নিজে প্রার্থী না হয়ে ছেলে তীর্থঙ্করকে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট দেন।

Advertisement

তবে সেই নির্বাচনে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন তীর্থঙ্কর। ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি কার্যত জনসমক্ষে আর দেখা দেননি। একই সময়ে তাঁর ও নির্মল ঘোষের বিরুদ্ধে পুরনো একাধিক মামলার তদন্তে নতুন করে গতি আসে।

তদন্তকারী সংস্থার দাবি, রাজনৈতিক হিংসা এবং লটারি সংক্রান্ত মামলায় দীর্ঘদিন ধরেই বাবা-ছেলেকে খোঁজা হচ্ছিল। যদিও দু’জনেই প্রকাশ্যে আসছিলেন না। এর মধ্যেই শনিবার তপসিয়ায় ‘আসল’ তৃণমূলের এক বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়।

জল্পনা আরও বাড়ে, যখন শোনা যায় মামলা থেকে রেহাই পেতেই তিনি নতুন রাজনৈতিক শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করছেন। তবে রবিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, নির্মল ঘোষকে তাঁদের দলে নেওয়ার কোনও সিদ্ধান্ত নেই। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারের খবর সামনে আসে।

Advertisement

পুলিশের তরফে এখনও তদন্ত চলছে। তীর্থঙ্কর ঘোষকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলির প্রমাণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিকও খতিয়ে দেখছেন। এই গ্রেপ্তার উত্তর ২৪ পরগনার রাজনীতিতে নতুন করে তাৎপর্য তৈরি করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisement

আরও পড়ুন