দাম্পত্য সম্পর্ক বাঁচাতে নিজের জন্মদাত্রীকেই খুনের চেষ্টা! আগ্রায় মাকে বিষ খাইয়ে খুনের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। অভিযোগ, স্ত্রীর সঙ্গে সংসার ফের শুরু করতে শাশুড়ির শর্ত মেনে মায়ের খাবারে বিষ মিশিয়ে দেন এক যুবক। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বৃদ্ধা। ঘটনায় অভিযুক্ত ছেলে গ্রেপ্তার হয়েছে, মামলায় নাম রয়েছে তাঁর শাশুড়িরও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আগ্রার বরপুরা এলাকার বাসিন্দা রবীন্দ্র সিংয়ের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সেই কারণে কয়েক দিন আগে তাঁর স্ত্রী বাপেরবাড়ি চলে যান। পরে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে গেলে এক চাঞ্চল্যকর শর্তের মুখে পড়েন তিনি।
অভিযোগ, রবীন্দ্রর শাশুড়ি ফুলবতী জানিয়ে দেন, মাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই তাঁর মেয়ে আবার স্বামীর সংসারে ফিরবে। শুধু তাই নয়, অভিযোগ অনুযায়ী, বিষের ব্যবস্থাও করে দেন তিনিই। সেই বিষ বাড়িতে এনে নিজের মায়ের খাবারের সঙ্গে মিশিয়ে দেন রবীন্দ্র।
বিষাক্ত খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে এখনও চিকিৎসা চলছে। ঘটনার পর পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হওয়ায় বিষয়টি সামনে আসে।
এরপর বৃদ্ধার স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি জানান, গুটপুড়া গ্রামে ডেকে জামাই রবীন্দ্রর হাতে বিষ তুলে দিয়েছিলেন ফুলবতী। পরে সেই বিষই নিজের মায়ের খাবারে মিশিয়ে দেন অভিযুক্ত ছেলে।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬১, ১০৯ এবং ১২৩ ধারায় রবীন্দ্র সিং ও তাঁর শাশুড়ি ফুলবতীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। রবীন্দ্রকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্ট, ফরেনসিক পরীক্ষার ফল এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



