নজরবন্দি ব্যুরো: ইডির ক্ষমতা না কমালে দেশে কেউ নিরাপদ নয়, সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন অন্যতম খ্যাতানামা আইনজীবী হরিশ সালভে। দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে সালভে আরও বলেন, ইডির হাতে ভয়ঙ্কর ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতায় শীঘ্রই রাশ টানা দরকার, না হলে দেশের কোনও নাগরিক নিরাপদে থাকতে পারবে না।
আরও পড়ুন: বাংলায় পর্যাপ্ত বাহিনী! পঞ্চায়েত ভোট এক দফাতেই, নির্দেশ হাইকোর্টের
প্রসঙ্গত, আর্থিক প্রতারণা মামলায় নির্মাণ সংস্থা ‘এমথ্রিএম’-এর দুই প্রধান তথা সম্পর্কে ভাই বসন্ত বনশাল ও পঙ্কজ বনশালকে গ্রেফতার করেছে ইডি। আবার অন্য একটি টাকা পাচারের মামলায় গ্রেফতারি থেকে তাঁরা রক্ষাকবচ পেয়েছেন। এদিন সালভে বলেন, ‘এই দুই ভাইকে ইডি প্রশ্ন করার জন্য ডেকেছিল। এরপর তাঁদের হাতে সমন ধরিয়ে দেওয়া হল। অথচ আগে বলা হয়েছিল নিয়ম মেনেই সমন পাঠানো হবে। আর এখন তাঁরা সমন নিতে আপত্তি করায় তাঁদের সরাসরি গ্রেফতার করা হল’।

সুপ্রিম কোর্টে হরিশ সালভে বলেন, ‘ইডি-র হাতে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। যদি আপনারা ওদের রাশ না টানেন, তাহলে এ দেশে কেউ নিরাপদ নয়। এই গ্রেফতারি কী ভাবে করা হয়েছে দেখুন। আমার মক্কেলরা সহযোগিতা করছিলেন। আগাম জামিনের শর্ত তাঁরা মানবেন না, এমন কথা ঘুণাক্ষরেও শোনা যায়নি। আমার অধিকার ভঙ্গ করা হলে এই আদালত হস্তক্ষেপ করতেই পারে’।

আগেও ইডি সিবিআইয়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার বিপক্ষে সওয়াল তুলেছিলেন কার্তি চিদম্বরম, মেহবুবা মুফতি, অনিল দেশমুখের মতো বিরোধী রাজনীতিকেরা। এবার যিনি প্রশ্ন তুললেন অর্থাৎ হরিশ সালভি, তিনি কিন্তু বরাবরই মোদী ঘনিষ্ঠ মহলের আইনজীবী এবং অনেকসময়ই বিজেপির প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন দেখা গিয়েছে।

তাহলে, প্রশ্ন উঠছে কেন্দ্র সরকারের ঘনিষ্ঠ আইনজীবী যখন কেন্দ্রীয় সংস্থার হাতে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে বলে সরব হচ্ছেন তাহলে কি সত্যিই ইডি বা সিবিআইকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গেও নানান দুর্নীতির তদন্তভার গিয়েছে সেই কেন্দ্রীয় সংস্থাদেরই হাতে, যা নিয়ে বিরোধিতা করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার মোদীর পছন্দের আইনজীবীও এই একই সওয়াল তুলে দিলেন।
ইডির ক্ষমতা না কমালে দেশে কেউ নিরাপদ নয়, সুপ্রিম কোর্টে অভিযোগ আইনজীবীর




