নজরবন্দি ব্যুরোঃ প্রকাশ্যে এল প্রধানমন্ত্রী আবাস যোজনার আর্থিক কেলেঙ্কারি। অভিযোগ ডিএইচএফএল (দেওয়ান হাউজিং ফিনান্স লিমিটেড )-এর দুই মালিক কপিল ও ধীরাজ ওয়াধাওয়ানের বিরুদ্ধে। জানা গিয়েছে, ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী দুই ভাই কপিল ও ধীরাজ ১৮৮০ কোটি টাকা সুদের হেরফের করেছে। ডিএইচএফএল-এর মালিকেরা ১১ হাজার ৭৫৫ কোটি টাকার ভুয়ো হোম লোন অ্যাকাউন্ট তৈরি করে ভারত সরকারের কাছ থেকে এই বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে।
আরও পড়ুনঃ ভোটের আবহে ভয়ের বার্তা! করোনায় গতবছরের পুনরাবৃত্তি দেখছেন চিকিৎসকেরা


২০১৫ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। দেশবাসীদের আবাসন নিশ্চিত করতেই সরকারী এই প্রকল্প চালু করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বছরে ৩ থেকে ৬.৫ শতাংশ হারে হোম লোন দেওয়া শুরু করে কেন্দ্র। সেই ভর্তুকির টাকা যেত ঋণদানকারী সংস্থা দেওয়ান হাউজিং ফিনান্স লিমিটেডের অ্যাকাউন্টে। আর সেই ভর্তুকির টাকা থেকেই এই আর্থিক কেলেঙ্কারি ঘটিয়েছে ঋণদানকারী সংস্থা।







