মঙ্গলবার বিধানসভায় আসছে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিশেষ বিল। সোমবার বিশেষ অধিবেশনের শুরুতেই সে কথা জানানো হল সরকার পক্ষের তরফে। যে বিলটি আনা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে “অপরাজিতা উইমেন চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেনমেন্ট বিল ২০২৪।” আগামিকাল বিলটি বিধানসভায় পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক।
এরপরে বিলটি নিয়ে বিধানসভায় আলোচনার শেষে তা পাশ করানো হবে। আরজি কর-কাণ্ডের পর থেকেই রাজ্যের বিভিন্ন মহল থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আনার দাবি তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই সংক্রান্ত কঠোর আইনের কথা বলেছেন এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন মমতা। এই আবহেই মঙ্গলবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ‘অপরাজিতা মহিলা ও শিশু বিল, ২০২৪’।


কি কি আছে এই বিলে? দেখে নিন এক নজরে।
১) ধর্ষণ: আজীবন কারাদণ্ড এবং জরিমানা (জামিন অযোগ্য ধারায় মামলা)।
২) গণধর্ষণ: আজীবন কারাদণ্ড এবং জরিমানা (জামিন অযোগ্য ধারায় মামলা)।
৩) ধর্ষণ এবং খুন: মৃত্যুদণ্ডের বিধান আছে। জরিমানার বিধান রয়েছে।
৪) ধর্ষণ এবং নির্যাতিতা কোমায়ে চলে গেলে: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সঙ্গে জরিমানা।
৫) নাবালিকার (অনূর্ধ্ব ১৬ বছর) ধর্ষণ: সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড, ন্যূনতম ২০ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা (জামিন অযোগ্য ধারায় মামলা)।
৬) গণধর্ষণ (বয়স ১৮ বছরের কম): আজীবন কারাদণ্ড এবং জরিমানা (জামিন অযোগ্য ধারায় মামলা)।
৭) অ্যাসিড হামলা: আজীবন কারাদণ্ড, জরিমানা (জামিন অযোগ্য ধারায় মামলা)।
৮) নির্যাতিতার পরিচয় প্রকাশ (ছবি, নাম, ঠিকানা, বাবা-মা’র ছবি, পরিচয়): ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড, জরিমানা (জামিন অযোগ্য ধারায় মামলা)।
৯) পুনরায় অপরাধ: আজীবন কারাদণ্ড এবং জরিমানা (জামিন অযোগ্য ধারায় মামলা)।
১০) অপরাজিত স্পেশাল টাস্ক ফোর্স গঠন। সেই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন মহিলা পুলিশ অফিসার। হাইকোর্টের তত্ত্বাবধানে সেশনস কোর্টে বিচারপ্রক্রিয়া চলবে।
১১) ২১ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। দরকার হলে বাড়তি ১৫ দিন বরাদ্দ করা হবে।
১২) তদন্তে দেরি হলে তদন্তকারী অফিসারকে শাস্তির মুখে পড়তে হবে।







