নজরবন্দি ব্যুরোঃ বুধবার সকালেই হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ। এদিন মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবীদাওয়া তুলে ধরতে যান টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। পুলিশ বাধা দিতে গেলে রাস্তার ওপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদেরকে।
আরও পড়ুনঃ India-China: চলতি মাসেই ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী! আদৌ কী হবে সমঝোতা?


জানা গিয়েছে, এদিন স্মারকলিপি দিতে এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৪ সালে তাঁরা টেট পরীক্ষায় পাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৪ সালে যারা পাশ করেছেন তাঁদেরকে ধাপে ধাপে চাকরী দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতে চাইলেই পুলিশ বাধা দেয়। তাঁরা হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অফিস টাইমে রাস্তা আটকে বিক্ষোভের জেরে তৈরি হয় যানজট।
গত বছরের শেষের দিকে সল্টলেকে অবিলম্বে নিয়োগের দাবিতে রাস্তায় নামেন ২০১৪-র প্রাথমিকে টেট উত্তীর্ণদের একাংশ । সল্টলেকের করুণাময়ীতে টেট এর চাকরিপ্রার্থীরা জড়ো হন। তারপর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের দিকে এগোনোর সময় তাঁদের পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। ওই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।
হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, ধন্ধুমার পরিস্থিতি

এরপর চলতি বছরের শুরুতে আরও একবার বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। অভিযোগ, অবিলম্বে নিয়োগ করতে হবে তাঁদের। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কেন তাঁরা চাকরি পাবেন না, প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।









