মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করলেন ভোটের দিনক্ষণ। বাংলায় ৭ দফায় হবে লোকসভা ভোট। ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা ভোট। ফল প্রকাশ ৪ জুন। অর্থাৎ, ৪৭ দিন ধরে নির্বাচনের আবহ বজায় থাকবে বাংলায়। শনিবার, ১৬ মার্চ থেকেই দেশজুড়ে জারি হল আদর্শ আচরণ বিধি।
রবিবারের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ছিল সবচেয়ে বড় চমক। বহরমপুর কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির।
বাংলায় ৪২ আসনে কাদের প্রার্থী করা হবে, এনিয়ে রবিবার প্রদেশ কংগ্রেসের একটি বৈঠক হয়। জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আলোচনার পর প্রার্থী তালিকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
আগেই বাম শিবিরের তরফে বলা হয়েছিল, এ রাজ্যে ন্যায় যাত্রা এলে সেখানে অংশ নেবেন লাল নেতারা। আর হলও তাই। মুর্শিদাবাদে রাহুলের (Rahul Gandhi) ন্যায় যাত্রায় সামিল হলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী ও শতরূপ ঘোষ।