বিধানসভায় পাহাড় জয়ের পর জিটিএ টার্গেট! বিমল গুরুংকে পাশে নিয়ে বার্তা রাজু বিস্তার

কার্শিয়াংয়ে মনোনয়ন মিছিলে একসঙ্গে রাজু বিস্তা ও বিমল গুরুং, বিধানসভা জয়ের পর জিটিএ দখলের বার্তা; জিএনএলএফের অবস্থান ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা ভোটের লড়াই চললেও পাহাড়ের রাজনীতিতে এখন থেকেই পরবর্তী লক্ষ্য জিটিএ দখল—এই স্পষ্ট বার্তা দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। মনোনয়ন জমা দেওয়ার দিন কার্শিয়াংয়ে যৌথ মিছিল করে বিজেপি–মোর্চা জোট শক্তি প্রদর্শন করল, আর সেখান থেকেই ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলল।

বৃহস্পতিবার কার্শিয়াংয়ে বিজেপি প্রার্থী সোনম লামার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শহর জুড়ে বড় মিছিল করে বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চা। সেই মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা যায় সাংসদ রাজু বিস্তা ও মোর্চা প্রধান বিমল গুরুংকে। পাহাড়ের তিনটি আসনকে সামনে রেখে বিজেপি ও মোর্চা এবার জোট বেঁধে নির্বাচনে লড়ছে। কার্শিয়াং ও কালিম্পং আসনে বিজেপি নিজেদের প্রার্থী দিয়েছে, আর দার্জিলিং আসনটি ছাড়া হয়েছে মোর্চার জন্য। তবে মোর্চার প্রার্থী লড়বেন বিজেপির প্রতীকেই।

- Advertisement -

মিছিল শেষে সভা থেকে রাজু বিস্তা বলেন, পাহাড়বাসীর সমর্থন বিজেপির পক্ষেই রয়েছে এবং এবারও পাহাড়ে বিজেপি জিতবে। তাঁর কথায়, আগে বিধানসভা নির্বাচন জিততে হবে, তারপর লক্ষ্য হবে জিটিএ দখল। এই বক্তব্য থেকেই স্পষ্ট, বিজেপি পাহাড়ে দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনা নিয়েই এগোচ্ছে।

অন্যদিকে বিমল গুরুং সরাসরি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও জিটিএ প্রধান অনীত থাপাকে আক্রমণ করেন। তিনি বলেন, জিটিএ নির্বাচনে পরাজিত প্রার্থীকে আবার প্রার্থী করা হয়েছে, কিন্তু তাঁদের জোট প্রার্থী স্থানীয় ভূমিপুত্র এবং মানুষ তাঁদেরই সমর্থন করবে। গুরুং দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কোনও নির্বাচন হারেননি এবং এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

তবে এদিন বিজেপির মিছিলে জোটসঙ্গী জিএনএলএফকে দেখা যায়নি। গতবারের বিধায়ক নীরজ জিম্বা টিকিট না পাওয়ায় তারা কিছুটা দূরত্ব বজায় রাখছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও তারা শেষ পর্যন্ত কাদের সমর্থন করবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে পাহাড়ের রাজনীতি ভোটের আগে আরও জটিল সমীকরণের দিকে এগোচ্ছে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর