লোকসভা নির্বাচনে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে ইন্ডিয়া জোট গঠন করেছিল বিরোধী দলগুলি। কিন্তু ভোটের সময় এগিয়ে আসতেই জোটে কার্যত চির ধরেছে। বাংলার শাসক দল ও ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস একা লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এদিকে বাম-কংগ্রেস ফের একসাথে হয়েছে। কিন্তু হাত শিবিরের তরফে স্পষ্ট বার্তা আসছে না বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস (Congress) ৪২ আসনের প্রার্থী তালিকা প্রস্তুত করে ফেলেছে বলে খবর। পিছিয়ে নেই সিপিএম-ও।

আরও পড়ুন: ডায়মন্ডে তাঁকে লক্ষ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার, অভিজিতকে পাল্টা কী বললেন অভিষেক?
বাংলায় ৪২ আসনে কাদের প্রার্থী করা হবে, এনিয়ে রবিবার প্রদেশ কংগ্রেসের একটি বৈঠক হয়। জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আলোচনার পর প্রার্থী তালিকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Adhi Chowdhury) বহরমপুর লোকসভা কেন্দ্রেই প্রার্থী করা হবে। মালদহ দক্ষিণে আবু হাসেম খান চৌধুরীর ছেলে প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী, মালদহ উত্তরে মোস্তাক আলম, দার্জিলিংয়ে শঙ্কর মালাকার, রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত, বালুরঘাটে কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, পুরুলিয়ায় নেপাল মাহাতো, বীরভুমে মিল্টন রশিদ, উত্তর কলকাতায় সুমন পাল, দক্ষিণ কলকাতায় আশুতোষ চট্টোপাধ্যায়, যাদবপুরে প্রধান মুখপাত্র সৌম্য আইচ,ব্যারাকপুরে অশোক ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হয়েছে।

আসন্ন নির্বাচনে সকলের নজরে থাকবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র (Diamond Harbour Loksabha)। ২০১৪ সাল থেকে এই কেন্দ্র থেকে জিতে আসছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjeee)। ২০২৪-এ তৃতীয়বার এখান থেকেই প্রার্থী হবেন তিনি। শোনা গিয়েছিল, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (ISF MLA Nawshad Siddiqui) অভিষেকের বিপরীতে প্রার্থী হতেন। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রস্তুত হতেই শোনা যাচ্ছে, বাম ও আইএসএফের সমঝোতা হলে নওশাদকেই ওই আসনে প্রার্থী করা হবে। সেক্ষেত্রে কংগ্রেস সেখানে প্রার্থী দেবে না। এছাড়াও, দমদম, মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী দিলে সমর্থন করবে কংগ্রেস।
৪২ আসনের প্রার্থী তালিকা প্রস্তুত বাম-কংগ্রেসের, সমঝোতা করেই ডায়মন্ড হারবারে থাকছে চমক!

অন্যদিকে, মঙ্গলবার সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর একটি বৈঠক হওয়ার কথা ছিল। এরপরই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা। সূত্রে খবর, কংগ্রেসের জন্য কিছু আসন ছেড়েছে সিপিএম। তবে দুপক্ষের আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।



