নজরবন্দি ব্যুরোঃ লাগামছাড়া করোনা, ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব হাসপাতালকে পুরনো অবস্থায় ফেরার নির্দেশ স্বাস্থ্যভবনের। রাজ্যে ইতিমধ্যেই মিটেছে তিন দফা ভোট। বাকি আরও ৫ দফা। গোটা রাজ্য এখন উত্তপ্ত ভোটের আবহাওয়ায়। এদিকে গোটা দেশের মতই রাজ্যে লাগামছাড়া করোনা। ভোটের উত্তাপে করোনা ধামাচাপা পড়ে গেলেও ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে পরিস্থিতি। রাজ্যে একদিনে আক্রান্ত আড়াই হাজারের কাছে, মৃত্যু বেড়ে ৮।
আরও পড়ুনঃ হামলা মহাগুরুর রোড’শোতে! বৃহস্পতির বারবেলায় উত্তেজনা ডোমজুড়ে
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩৯০ জন। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের ১৪ হাজার ২৯০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮৬৭ জন। রাজ্যে দৈনিক সুস্থতার হার ৯৫.৮৯ শতাংশ। ২৪ ঘণ্টায় ২৯,৩৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এমন অবস্থায় এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তর। গত বছরের মতই রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে ফের পুরনো অবস্থায় ফেরার নির্দেশ দিল তারা। সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল গুলােকে কোভিড মােকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।
গত বছর অক্টোবর মাসে করােনা মােকাবিলায় হাসপাতালগুলিকে যে ভূমিকা নিতে দেখা গেছে, সেই ভূমিকাই ফের নেওয়ার কথা বলে হয়েছে। বেড বাড়ানাে থেকে শুরু করে, আলাদা বিভাগ করা, অক্সিজেনের জোগান- সমস্তটাই ৪৮ ঘণ্টার মধ্যে করে রাখতে হবে। এর পাশাপাশি, ৫০% সরকারি কর্মচারীদের হাজিরার অর্ডার থাকলেও তাতে গত কয়েক মাসে একটু শিথিলতা দেখা গেছিল। এবার ফের পুরােপুরি ৫০% হাজিরার সেই পুরনাে অর্ডার কড়া ভাবে বলবৎ করতে চলেছে রাজ্য। এ জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি দফতর অর্ডারও জারি করছে। এসবের পাশাপাশি সরকারের তরফে কোভিড নিয়ন্ত্রণে দশটা আলাদা সেল তৈরি করা হয়েছে। প্রতিটি সেলে থাকছেন একজন করে সচিব অর্থাৎ আইএএস অফিসার।
লাগামছাড়া করোনা, ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব হাসপাতালকে পুরনো অবস্থায় ফেরার নির্দেশ স্বাস্থ্যভবনের। নবান্নের বিজ্ঞপ্তি বলছে, হাসপাতালের পরিকাঠামাে, অ্যাম্বুল্যান্স, ভ্যাকসিন, কোভিড টেস্ট, রােজকার বুলেটিন- এই প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা ভাবে দায়িত্ব নিচ্ছে এক একটি সেল। আগামী ১০ তারিখ শনিবার চতুর্থ দফার ভােট। তার পরে সােমবার থেকেই রাজ্যের সমস্ত হাসপাতালগুলিকে পুরােপুরি প্রস্তুত থাকতে দেখা যাবে বলেই মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। করোনা রুখতে ফের কড়া ব্যবস্থা গ্রহন করল রাজ্য সরকার।



