নজরবন্দি ব্যুরো: এই মুহূর্তে বিজেপির স্টার ক্যাম্পেনার হলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির ব্রিগেড সভা থেকেই আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। তার পর থেকে একাধিক প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার দিনের প্রথম ভাবে মহাগুরুরর কথা ছিল বেলাহা পূর্ব এবং পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী এবং পায়েলের সমর্থনে রোড শো করা।
কিন্তু শেষ মুহূর্তে সম্মতি দেয়নি প্রশাসন। সেই নিয়ে সকাল থেকে উত্তপ্ত ছিল বেহালা, শেষে প্রশাসনকে একপ্রকার চ্যালেঞ্জ করে শ্রাবন্তী নিজের শেষ দফার প্রচার করেন বিনা অনুমতিতেই। তার পরই মিঠুন রোড শো করেন রাজীব বন্দোপাধ্যায়ের সমর্থনে। মহাগুরকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন একালার সাধারণ মানুষ। সেখানেই হামলার অভিযোগ তুলেছে বিজেপি।
গেরুয়া শিবিরের অভিযোগ মিঠুন চক্রবর্তী এবং রাজীব বন্দোপাধ্যায়ের গাড়ির কিছু দূরেই একটি বিজেপি কর্মী সমর্থকদের ম্যাটাডোর ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় সেখানেই। ছোড়া হয় ইট পাটকেল। যদিও বেশ কিছুটা এগিয়ে যাওয়ার জন্য মিঠুন বা রাজীব বন্দোপাধ্যায় কেউই এই হামলার আঁচ পাননি বলেই সূত্রের খবর।
হামলার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় চারপাশ। একই দিনে দু জায়গায় মিঠুনের সভা ঘিরে এই ঘটনার প্রেক্ষিতে গেরুয়া শিবিরের দাবি ভয় পেয়েছে তৃণমূল। তাই বার বার এভাবে বাধা দেওয়া হচ্ছে বিজেপিকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।



