এশিয়ান গেমসের সোনাজয়ী থেকে রাজনীতির নতুন মুখ—আজ তৃণমূলে যোগ দিচ্ছেন স্বপ্না বর্মণ

এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ আজ তৃণমূল ভবনে যোগ দিচ্ছেন। ছাব্বিশের নির্বাচনের আগে ক্রীড়াজগতের জনপ্রিয় মুখকে দলে টানল তৃণমূল।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

খেলার ট্র্যাক ছেড়ে এবার রাজনৈতিক ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিয়ে শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন জলপাইগুড়ির এই আন্তর্জাতিক ক্রীড়াবিদ। ক্রীড়া জগতের পরিচিত মুখের রাজনীতিতে প্রবেশ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তৃণমূল ভবনে দলের পতাকা তুলে দেবেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই ক্রীড়াজগতের জনপ্রিয় মুখকে দলে টানার কৌশল নিয়েছে তৃণমূল।

২০১৮ সালের এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন স্বপ্না বর্মণ। কিন্তু দীর্ঘদিনের পিঠের চোটের কারণে ধীরে ধীরে প্রতিযোগিতামূলক অ্যাথলেটিক্স থেকে সরে আসার ইঙ্গিত দেন তিনি। বর্তমানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে কর্মরত স্বপ্নার রাজনীতিতে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল।

এক সময় শোনা গিয়েছিল তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এমনকি প্রার্থী হওয়ার সম্ভাবনাও নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল। যদিও বিজেপির তরফে এ বিষয়ে কখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নাকে সংবর্ধনা জানানোর পর থেকেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা জোরালো হয়। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হতে চলেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তরবঙ্গের মুখ হিসেবে স্বপ্না বর্মণকে সামনে আনতে পারে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে বলেও জোর জল্পনা চলছে, যদিও দলীয়ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর