নজরবন্দি ব্যুরোঃ অবশেষে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত মেধাযুক্ত বঞ্চিত গ্রুপ-ডি, এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থানের অনুমতি দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। শুক্রবার একথা ট্যুইট করে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, অশুভশক্তির কাছে মাথা নত করবেন না। আন্দোলন চালিয়ে যান, হবু শিক্ষকদের জানালেন শুভেন্দু।
আরও পড়ুনঃ Mundeshwari River: বিরাট বিপর্যয় মুণ্ডেশ্বরী নদীতে, বিপাকে ৪০ হাজার বাসিন্দা


গতকাল শহরের ১০০ টি দুর্গাপুজো নিয়ে রেড রোডে কার্নিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে। চাকরি প্রার্থীদের ধর্নাস্থল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফে। কারণ, রেড রোড সহ গোটা এলাকা মুড়ে ফেলা হবে নিরাপত্তার চাদরে। সেকারণেই চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের নির্দেশে যথাস্থানেই আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ পেয়েছেন তাঁরা।

এদিন শুভেন্দু অধিকারী চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কলকাতা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত মেধাযুক্ত বঞ্চিত গ্রুপ-ডি, এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থানের অনুমতি দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকার কার্নিভালের নামে এবং এই নির্দেশিকাকে না মেনে তারা মমতা পুলিশ কে দিয়ে চাকরিপ্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করছেন, ওখান থেকে উঠে যাওয়ার জন্য।


তিনি আরও বলেন, আমি বঞ্চিত চাকরিপ্রার্থীদের লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদের কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের জায়গা ধরে রাখুন, কোন অশুভশক্তির কাছে মাথা নত করবেন না। মা উমা আপনাদের সামনে দিয়েই যাবেন, মায়ের আশীর্বাদ আপনাদের সাথে আছে। আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ মেনে শক্ত থাকুন।
আন্দোলন চালিয়ে যান, বার্তা শুভেন্দুর

উল্লেখ্য, ৫৭২ দিনে পড়ল হবু শিক্ষকদের আন্দোলনের সময়সীমা। একাধিকবার সরকারের প্রতিশ্রুতি মেলার পরেও এখনও চাকরি থেকে বঞ্চিত নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, স্বচ্ছ নিয়োগ না হওয়া অবধি আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। আগামীকাল প্রশাসনের নির্দেশ মেনে অনেকেই আন্দোলনে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।







