উত্তরবঙ্গকে অগ্রাধিকার, এক বছরের মধ্যেই সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। এক বছরের মধ্যে সংকল্পপত্রের প্রতিশ্রুতি পূরণ ও উন্নয়নে উত্তরবঙ্গকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরেই বড় রাজনৈতিক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, বিজেপির সংকল্পপত্রে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি এক বছরের মধ্যেই পূরণ করবে রাজ্য সরকার। একই সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার আশ্বাসও দিলেন তিনি।

বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের আগে শিলিগুড়ির দলীয় কার্যালয়ে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন । সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, “সংকল্পপত্রে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা নির্দিষ্ট সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে। কিছু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, আগামী জুন থেকে আরও ফল মিলবে।”

তিনি জানান, আগামী তিন মাস, ছ’মাস এবং এক বছরের মধ্যে ধাপে ধাপে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে। নতুন সরকারের মূল লক্ষ্য উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গকে অগ্রাধিকার, এক বছরের মধ্যেই সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
উত্তরবঙ্গকে অগ্রাধিকার, এক বছরের মধ্যেই সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, “উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। তাই উন্নয়নের ক্ষেত্রে এই অঞ্চল অগ্রাধিকার পাবে।” তাঁর কথায়, সরকার উত্তরবঙ্গের পরিকাঠামো, প্রশাসন ও জনপরিষেবার উন্নয়নে দ্রুত কাজ শুরু করবে।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী জুলাই মাসে তিনি ফের উত্তরবঙ্গ সফরে আসবেন। তার আগে বিজেপি কর্মীদের নিজেদের এলাকার সমস্যা ও প্রস্তাব লিখিতভাবে জেলা সভাপতিদের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেন তিনি।

শুভেন্দুর বক্তব্য, সাধারণ মানুষের প্রয়োজন ও পরামর্শ সরাসরি সরকারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। জেলা সভাপতিরা সেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন এবং সরকারের পক্ষে সম্ভব এমন বিষয়গুলিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকারের আমলে কাটমানি, সিন্ডিকেট রাজ বা মাফিয়াগিরির কোনও জায়গা থাকবে না। “শুধু সরকার বদল নয়, ব্যবস্থার পরিবর্তন চাই,”— স্পষ্ট বার্তা শুভেন্দুর।

বিগত সরকারের সমালোচনা করতেও এদিন পিছপা হননি মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পূর্বতন সরকার মানুষকে বিভক্ত করার রাজনীতি করেছে। বিশেষ করে পাহাড়ে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে নতুন সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে বলেই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর এই ধারাবাহিক বার্তা স্পষ্ট করে দিল, আগামী দিনে এই অঞ্চলকে ঘিরেই বড় রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল সাজাতে চলেছে বিজেপি সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News
-Advertisement-

এই ধরনের আরও খবর

সদ্য প্রকাশিত