দেশজুড়ে NEET প্রশ্নফাঁস বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে অবশেষে মুখ খুললেন অভিনেতা তথা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII)-র চেয়ারম্যান আর মাধবন (R. Madhavan)। দীর্ঘদিন নীরব থাকার পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বলেন, প্রশ্নফাঁসের মতো ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
মাধবনের এই প্রতিক্রিয়ার আগে একটি ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। পুণের (Pune) FTII ক্যাম্পাসে চেয়ারম্যানের কেবিনের বাইরে তাঁর ছবির ওপর ‘Gayab’ (নিখোঁজ) লেখা একটি পোস্টার লাগানো হয়। তার নীচে লেখা ছিল ‘NEET for Sale’। অভিযোগ, পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে দীর্ঘদিন কোনও মন্তব্য না করায় ক্ষুব্ধ পড়ুয়ারাই এই প্রতীকী প্রতিবাদ করেন। পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই অভিনেতার প্রতিক্রিয়া সামনে আসে।

নিজের বিবৃতিতে মাধবন লেখেন, তিনি সবসময়ই দেশের তরুণ প্রজন্মের মেধা ও সম্ভাবনার উপর আস্থা রেখেছেন। বর্তমানে অসংখ্য পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারের যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে, তার অংশীদার তিনিও। তাঁর কথায়, একটি দেশের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত নতুন সুযোগ তৈরি করা, কিন্তু প্রশ্নফাঁসের মতো ঘটনা সেই আস্থাকে মারাত্মকভাবে আঘাত করে।
অভিনেতা আরও বলেন, ভারতে শিক্ষা শুধুমাত্র একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, বরং মানুষের ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ভিত্তি। তাই এই ধরনের অপরাধে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ একই ধরনের অনিয়ম করার সাহস না পায়।
তবে শুধু ক্ষোভ প্রকাশেই থেমে থাকেননি মাধবন। আন্দোলনরত পড়ুয়াদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, কোনও প্রশাসনিক ব্যর্থতা তাঁদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারে না। তাঁর মতে, তরুণদের মেধা, পরিশ্রম এবং চরিত্র যে কোনও ত্রুটিপূর্ণ ব্যবস্থার চেয়ে অনেক বেশি শক্তিশালী।
একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করলেও তিনি সতর্কবার্তাও দিয়েছেন। মাধবনের বক্তব্য, শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে যারা গণতান্ত্রিক পথে আন্দোলন করছেন, তাঁদের লক্ষ্য যেন কোনও স্বার্থান্বেষী গোষ্ঠী অন্যদিকে ঘুরিয়ে দিতে না পারে। আন্দোলনের মূল উদ্দেশ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)-ও NEET প্রশ্নফাঁস ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলেন। এবার মাধবনের মন্তব্যের পর শিক্ষাব্যবস্থা ও ছাত্র আন্দোলন নিয়ে জাতীয় স্তরের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।



