রথযাত্রার আবহেই বড় শিক্ষাগত উদ্যোগ নিল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন ও বৈষ্ণব ঐতিহ্যকে কেন্দ্র করে চালু হচ্ছে বিশেষ সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স। শুধু পাঠ্যক্রমেই সীমাবদ্ধ নয়, চৈতন্যদেবকে নিয়ে উচ্চতর গবেষণারও সুযোগ তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের মাধ্যমে বাংলা তথা ভারতীয় ভক্তি আন্দোলনের ইতিহাস নিয়ে নতুনভাবে চর্চার ক্ষেত্র তৈরি হবে।
বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স ফর চৈতন্য বৈষ্ণব স্টাডিজ়’। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার (Bhakti Vedanta Research Centre)-এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই গবেষণাকেন্দ্রকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষামহলে আগ্রহ তৈরি হয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কমল কিশোর মিশ্র জানিয়েছেন, এই কেন্দ্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন, কর্ম ও বৈষ্ণব দর্শন নিয়ে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স চালু করা হবে। পাশাপাশি গবেষণার জন্যও থাকবে বিশেষ সুযোগ। তাঁর দাবি, বিশ্বে এই প্রথম শুধুমাত্র শ্রীচৈতন্যকে কেন্দ্র করে এমন পূর্ণাঙ্গ গবেষণাকেন্দ্র গড়ে উঠছে।
এই পাঠ্যক্রমে শুধু শ্রীচৈতন্যের জীবনী নয়, বৈষ্ণব সাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলিও অন্তর্ভুক্ত থাকবে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ভগবদ্গীতা (Bhagavad Gita) এবং শ্রীমদ্ভাগবত (Bhagavata Purana)-সহ একাধিক প্রাচীন ধর্মগ্রন্থ ও পাণ্ডুলিপি নিয়ে গভীর পাঠ ও গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রাচীন বৈষ্ণব সাহিত্য সংরক্ষণ ও তার একাডেমিক মূল্যায়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের মতে, এই কোর্সের মাধ্যমে আগামী প্রজন্ম শ্রীচৈতন্য মহাপ্রভুর সমাজসংস্কার, শিক্ষা ভাবনা, মানবিক মূল্যবোধ এবং ভক্তি আন্দোলনে তাঁর ঐতিহাসিক অবদান সম্পর্কে আরও বিস্তৃত ধারণা লাভ করবে। একই সঙ্গে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গবেষণার নতুন ক্ষেত্রও তৈরি হবে।
শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই নয়, দক্ষিণ কলকাতা এবং মায়াপুরে ইসকন (ISKCON)-এর সহযোগিতায়ও পৃথক শিক্ষাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স পরিচালনার পাশাপাশি গবেষণার সুযোগও থাকবে।
তবে ভর্তি প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড কিংবা কোর্স শুরুর নির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে বিস্তারিত রূপরেখা তৈরি করা হচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।



