প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি ভবানীপুরে এবার শক্তিপ্রদর্শনে নামল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র চারদিনের মাথায় ভবানীপুরে পৌঁছে বিজয় মিছিলে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল এলাকা। বিজেপি কর্মী-সমর্থকদের ঢল, গেরুয়া পতাকার ঢেউ আর ‘শুভেন্দু’ স্লোগানে সরগরম হয়ে ওঠে মমতার পাড়া। রাজনৈতিক মহলের মতে, এই মিছিল শুধু ধন্যবাদজ্ঞাপন নয়, বরং নতুন ক্ষমতার বার্তাও।
শুভেন্দু অধিকারী এদিন ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানাতে বিজয় মিছিলে অংশ নেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা ও স্থানীয় নেতৃত্ব।


এবার বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকেই জয় পেয়েছেন শুভেন্দু। যে কেন্দ্র দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেই কেন্দ্রেই বিজেপির এই বিজয় মিছিল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মিছিলে বিপুল জনসমাগম নজর কেড়েছে। রাস্তার দু’ধারে ভিড় করেন স্থানীয় বাসিন্দারাও। গেরুয়া আবহে ঢেকে যায় ভবানীপুরের একাধিক রাস্তা।
বিজেপি নেতৃত্বের দাবি, ভবানীপুরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন, আর সেই কারণেই তাঁদের কৃতজ্ঞতা জানাতেই এই বিজয় মিছিলের আয়োজন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নিজস্ব এলাকা’তে এভাবে শক্তি প্রদর্শনের মধ্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা রয়েছে। নতুন সরকার যে রাজধানীর রাজনৈতিক কেন্দ্রগুলিতেও নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে চাইছে, তা এদিন আরও পরিষ্কার হয়ে গেল।







