নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার ঝাড়গ্রামের জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটের প্রচারে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই, হুল দিবসের প্রাক্কালে আদিবাসী অধিকার নিয়ে সরব হতে দেখা গেল বিরোধী দলনেতাকে। প্রসঙ্গত, শুক্রবার ৩০শে জুন হুল দিবস উপলক্ষ্যে নানান কর্মসূচীর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
আরও পড়ুন: শহিদ দিবসের মঞ্চ থেকেই শুরু তৃণমূলের লোকসভা ভোটের প্রচার, জারি নয়া নির্দেশিকা!
এদিন গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েতের নির্বাচনী প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের হাতিবাড়ি মোড় থেকে পদযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা। এরপর নয়াগ্রামেও পদযাত্রায় অংশ নেবেন। বিকেলে আবার নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে দুটি জনসভা করার কথা আছে তাঁর। পদযাত্রায় বেরিয়ে শুভেন্দু বলেন, ‘সিপিএম আমলে যে মনোজ বর্মা জঙ্গলমহলে পুলিশি রাজ চালিয়েছিল সেই মনোজ বর্মা এখন মুখ্যমন্ত্রীর নয়নের মণি। সেই লোক মাহাতো, মুর্মু, হাঁসদা, সোরেন এইসব পদবীধারীদের মাওবাদী তকমা দিয়ে কলাইকুন্ডা থানায় উলঙ্গ করে বেদম মারত। আমি এরকম কুড়িটা ছেলেকে অত্যাচার থেকে বাঁচিয়েছি। আবার সেই দিন ফিরিয়ে আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘মানুষ তৃণমূলের সঙ্গে নেই। ৫০০ টাকা দিয়ে কারুর সংসার চলে না। বিজেপি শাসিত রাজ্যের মহিলারা এর থেকে অনেক বেশী টাকা পায়। গ্রামে পানীয় জল নেই, রাস্তা নেই। শুধু পুলিশ দিয়ে জোর করে ভোট জেতার চেষ্টা করছে। জঙ্গলমহলকে চোখ রাঙালে জঙ্গলমহলও চোখ রাঙ্গাতে জানেন। আগামীকাল হুল দিবস। তার আগে আমি আদিবাসীদের লড়াইকে কুর্নিশ জানাতে চাই’।
নির্বাচনী প্রচারে জঙ্গলমহলে শুভেন্দু, হুল দিবসের প্রাক্কালে আদিবাসী অধিকার নিয়ে সরব বিরোধী দলনেতা









