বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) জন্মজয়ন্তী উপলক্ষে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার কলকাতার (Kolkata) কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাটের ঐতিহাসিক বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, পশ্চিমবঙ্গে জাতীয় মানের একটি ‘বন্দে মাতরম’ মিউজিয়াম গড়ে তোলা হবে। তাঁর এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাহিত্যিকের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রথমবার রাজ্য সরকারের উদ্যোগে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক বাসভবনে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে তিনি জানান, বঙ্কিমচন্দ্রের স্মৃতি ও ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে একটি জাতীয় মানের মিউজিয়াম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজনৈতিক প্রসঙ্গেও এদিন সরব হন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকার তোষণের রাজনীতি এবং পরিবারতন্ত্রকে গুরুত্ব দিয়েছিল। বর্তমান সরকার রাষ্ট্রবাদী আদর্শে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, বঙ্কিমচন্দ্রের মতো মহান সাহিত্যিকের স্মৃতিবিজড়িত স্থানে দুর্নীতি বা বিতর্কিত ব্যক্তিদের নিয়ে আলোচনা করতে তিনি আগ্রহী নন। তাঁর মন্তব্য, এমন ঐতিহাসিক পরিবেশে সেই ধরনের রাজনৈতিক বিতর্ক না করাই শ্রেয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে ‘বন্দে মাতরম’ মিউজিয়াম তৈরির এই ঘোষণা রাজ্যের সাংস্কৃতিক পরিকাঠামোয় নতুন সংযোজন হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন প্রকল্পের রূপরেখা, স্থান এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর থাকবে।








