ট্রাইব্যুনালে আবেদন করলেই ভোট নয়! স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা ফ্রিজ় হওয়ার পর নতুন করে ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রে আপত্তি সুপ্রিম কোর্টের, ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে বড় ধাক্কা সম্ভাব্য বহু আবেদনকারীর জন্য। ট্রাইব্যুনালে নাম সংশোধনের আবেদন করলেই ভোট দেওয়ার সুযোগ মিলবে—এমন ধারণায় জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির পর্যবেক্ষণে স্পষ্ট, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর নতুন করে ভোটাধিকার দেওয়ার প্রশ্নই উঠছে না।

সোমবার Supreme Court of India-এ এসআইআর সংক্রান্ত শুনানিতে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন প্রধান বিচারপতি Surya Kant। তাঁর বক্তব্য, ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটের অনুমতি দিলে গোটা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হবে এবং বিদ্যমান ভোটারদের অধিকারও প্রভাবিত হতে পারে।

উল্লেখ্য, রাজ্যে দুই দফায় ভোট—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। তার আগেই ভোটার তালিকা ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছে নির্ধারিত নিয়ম মেনে। মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত যাঁদের নাম তালিকায় ছিল, আইন অনুযায়ী তাঁরাই ভোট দিতে পারবেন।

এই পরিস্থিতিতে বহু আবেদনকারী, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। আদালতে জানানো হয়, ইতিমধ্যেই প্রায় ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে এবং তাঁদের ভোটদানের সুযোগ দেওয়ার দাবি ওঠে।

তবে আদালত স্পষ্ট জানায়, এই ধরনের অনুমতি দিলে প্রশাসনিক জটিলতা বাড়বে। প্রধান বিচারপতির মতে, এতে আপিল ট্রাইব্যুনালের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাও বিঘ্নিত হতে পারে।

আদালত আরও জানায়, আপিল প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও তাদের সামনে রয়েছে, যা আগামী শুনানিতে বিবেচনা করা হবে।

ফলে আপাতত পরিষ্কার—ট্রাইব্যুনালে আবেদন করলেই এই নির্বাচনে ভোটাধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। এই রায়ের প্রভাব রাজ্যের নির্বাচনী সমীকরণে কতটা পড়বে, সেটাই এখন বড় প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন