যন্তর মন্তরে লাঠিচার্যের ভিডিও দেখল না সুপ্রিম কোর্ট, ‘সময় নষ্ট করবেন না’ বলে আর্জি খারিজ

ককরোচ বিক্ষোভে লাঠিচার্জ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলা সরাসরি খারিজ। ভিডিও দেখতে অস্বীকার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের। হাই কোর্টেও আগেই ধাক্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপ চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা সরাসরি খারিজ করে দিল শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের (Justice Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চ মামলাকারী আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দেয়, “আমরা কোনও ভিডিও দেখতে আগ্রহী নই। সেগুলি দেখার মতো সময় আমাদের নেই। দয়া করে আমাদের এবং নিজের সময় নষ্ট করবেন না।” এর আগে মঙ্গলবার দিল্লি হাই কোর্টও (Delhi High Court) একই আবেদন খারিজ করেছিল।

আবেদনে বলা হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন দিল্লি পুলিশ (Delhi Police) ছাত্র-যুবদের ওপর লাঠিচার্জ করে তাঁদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। পুলিশের এই আচরণ ভিন্নমত পোষণ ও শান্তিপূর্ণ সমাবেশের ওপর ভীতিকর প্রভাব ফেলেছে। মামলাকারী আরও দাবি করেন, এই ঘটনায় সুপ্রিম কোর্ট যেন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে এবং দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে একটি স্বাধীন কমিটি গঠনের আহ্বানও জানান তিনি।

কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ তাঁর আবেদনে কর্ণপাত করেনি। মামলাকারী পুলিশের লাঠিচার্জের ভিডিও দেখাতে চাইলে বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমরা সেগুলি দেখতে আগ্রহী নই।” আদালত সাফ জানিয়ে দেয়, অযথা তাদের সময় নষ্ট না করা হোক।

প্রসঙ্গত, সোমবার পূর্ব ঘোষণা অনুযায়ী সংসদ অভিযানে নামে ককরোচ জনতা পার্টি। ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) উপেক্ষা করে এগিয়ে যাওয়া মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান চালায়। এই ঘটনার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী প্রথমে দিল্লি হাই কোর্টে যান, কিন্তু সেখানেও শুনানি হয়নি। এবার সুপ্রিম কোর্ট থেকেও ফিরতে হল খালি হাতে। এই দুই ধাক্কায় বিক্ষোভকারীদের আইনি লড়াইয়ের রাস্তা আপাতত বন্ধ হল বলে মনে করছে আইনজীবী মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন