ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে এটি স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। যদিও তার আগে থেকেই আকাশ বেশ মেঘলা। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে নিজেদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিল বিজেপি। সন্দেশখালিতে বাতিল করা হল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রোড শো। মথুরাপুরে শুভেন্দুর সভা করছেন না এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন: শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্য়ু কমপক্ষে ৭ নবজাতকের


বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে। তেমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে ‘রেমাল’। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে জন্ম নেওয়ার পর অনেকটাই এগিয়ে এসেছে সে। আগামী ৬ ঘণ্টায় ভয়াবহ রূপ ধারণ করবে বলছে হাওয়া অফিস। ল্যান্ডফলের সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার সকালেই উত্তর বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ‘রেমাল’।



তার পরের ছঘণ্টায় স্থলভাগের দিকে বেশ কিছুটা এগিয়েছে। সেই সময় গতি ছিল ঘণ্টায় ৬ কিলোমিটার। বর্তমানে তার গতিবেগ ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে আগামী ৬ ঘণ্টায় শক্তি এবং গতিবেগ দুই বাড়াবে সে। রুদ্রমূর্তি ধারণ করবে ‘রেমাল’।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল শুভেন্দুর সভা-সুকান্তের রোড শো

এই মুহূর্তে ‘রেমাল’-এর অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, দিঘা থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং ক্যানিং থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিকে।







