নজরবন্দি ব্যুরো: জোর কদমে চলছে পঞ্চায়েত নির্বাচনের প্রচার। এবার নির্বাচনী প্রচারে পুরুলিয়ায় গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই তিনি পুলিশ সুপারকে ‘ভাইপোর লোক’ বলে কটাক্ষ করলেন।
আরও পড়ুন: রিল দেখা হয়? মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা প্রধানমন্ত্রীর
শুক্রবার হাওড়া-চক্রধরপুর ট্রেন ধরে পুরুলিয়া আসেন সুকান্ত মজুমদার। দুর্নীতি মুক্ত ও চোর মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে পুরুলিয়া সাংগঠনিক জেলার মানবাজার বিধানসভার অন্তর্গত পুঞ্চাতে বিজেপির জেলা পরিষদ প্রার্থীদের সমর্থনে মহামিছিল ও জনসভা করেন রাজ্য সভাপতি। জনসভা থেকেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন সুকান্ত মজুমদার। জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপোর লোক’ বলে কটাক্ষ করতেও দেখা যায় তাঁকে।

এদিন সুকান্ত বলেন, ‘পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসের মতো আচরণ করছে। সুষ্ঠুভাবে পুরুলিয়া জেলায় নির্বাচন হলে বিজেপি জিতবে এবং তৃণমূল কংগ্রেস বসে বসে দেখবে। পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস করে দেওয়ার নিয়ম থাকলেও তা থানার আইসিদের কাছে নিয়ম বহির্ভূত ভাবে রেখে দেওয়া হচ্ছে। সব খবর আমাদের কাছে আছে। আমরা সব দিকেই নজর রাখছি। পুলিশকে বলব, দলদাস হয়ে কাজ না করে নিরপেক্ষভাবে নিজেদের কাজ করুন’।

নির্বাচনী প্রচারে পুরুলিয়ায় সুকান্ত, পুলিশ সুপারকে ‘ভাইপোর লোক’ বলে কটাক্ষ রাজ্য সভাপতির




