এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের, শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

এশিয়ান গেমসে প্রথম সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা ধরে রাখলেন হরমনপ্রীত কৌররা, ব্যাটে ২১৬ রান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুই দিন ধরে রুপোর পদকেই থমকে ছিল ভারত। অবশেষে এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026)-এ এল বহু প্রতীক্ষিত সোনা। আর সেই সোনা এনে দিলেন ভারতের মহিলা ক্রিকেটাররা। করোগি স্পোর্টস পার্কে ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা ধরে রাখল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ভারত। ব্যাটে ২১৬ রান তোলার পর বল হাতেও লঙ্কার ব্যাটিংকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিলেন তাঁরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং শেফালি ভার্মা (Shafali Verma)। প্রথম উইকেটে মাত্র ১০ ওভারেই ৯৯ রান যোগ করেন দুই ওপেনার। আগ্রাসী ব্যাটিংয়ে ৪৮ রানে থামেন শেফালি।

এর পরেও ভারতের রানের গতি কমেনি। স্মৃতি মন্ধানা একাই পাল্টে দেন ম্যাচের ছবি। ৪৫ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংসে তিনি মারেন পাঁচটি চার ও সাতটি ছক্কা। এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেন ভারতীয় তারকা।

শেষ দিকে রিচা ঘোষ (Richa Ghosh) নামতেই ফের শুরু হয় চার-ছক্কার ঝড়। মাত্র ২২ বলে অপরাজিত ৪৯ রান করেন বঙ্গকন্যা। তাঁর বিধ্বংসী ক্যামিওতেই ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রানে পৌঁছে যায় ভারত। এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় স্কোর।

ফলে শ্রীলঙ্কার সামনে দাঁড়ায় ২১৭ রানের কঠিন লক্ষ্য। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় চামারি আতাপাত্তু (Chamari Athapaththu)-র দল। অধিনায়ক নিজে ২১ বলে ২৯ রান করলেও তাঁর আউটের পর শ্রীলঙ্কার ইনিংস আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ভারতের স্পিনাররা আক্রমণে আসতেই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ৬৯ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।

এই জয়ের সঙ্গে চলতি এশিয়ান গেমসে ভারতের পদক তালিকায় যোগ হল প্রথম সোনা। গত এশিয়ান গেমসেও মহিলা ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। এবারও সেই শিরোপা ধরে রেখে হরমনপ্রীতদের দল প্রমাণ করল, বড় মঞ্চে চাপ সামলে ধারাবাহিক পারফরম্যান্সের ক্ষমতা তাদের রয়েছে।

মাত্র কয়েক দিন আগেই মহিলা এশিয়া কাপের ফাইনালেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে ৭২ রানের জয়ের পর এশিয়ান গেমসের ফাইনালেও একই প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারাল হরমনপ্রীতদের দল। ফলে একই মাসে পরপর দুই বড় মঞ্চে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটের সাফল্যের মুকুটে আরও একটি সোনালি পালক যোগ হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর