নজরবন্দি ব্যুরোঃ সোমবার থেকে করুণাময়ী চত্বর অবরুদ্ধ করে ধর্না জারি রেখেছেন ২০১৪ টেট পাশ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। গত তিন ধরে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিন জন হবু শিক্ষক। বৃহস্পতিবার তাঁদের ধর্নামঞ্চে দেখা করতে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অনশন তুলে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানান তিনি। এই সরকার না দিলে আমাদের সরকার চাকরি দেবে, বিস্ফোরক সুকান্ত।
আরও পড়ুনঃ TET Scam: মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, মুখোমুখি জিজ্ঞাসাবাদ চায় ইডি


এদিন চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করে সুকান্ত মজুমদার বলেন, চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে পর্ষদের সঙ্গে কথা বলতে রাজি রয়েছেন তিনি। এমনকি দরকার পড়লে দুই পক্ষের মধ্যস্থতা করতে চান বালুরঘাটের বিজেপি সাংসদ। এরপরেই তাঁর বক্তব্য, চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। এই সরকার না দিলে আগামী দিনে বিজেপির সরকার চাকরি দেবে।

বিজেপির সভাপতির কথায়, সরকার যে তথ্য দিয়েছে, তাতে লক্ষাধিক শূন্যপদ রয়েছে। তাই ২০১৪ ও ২০১৭-র চাকরি প্রার্থীদের চাকরি হওয়া উচিত বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ১৪-র প্রার্থীদের ওই বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী ও ১৭-র প্রার্থীদের ওই বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি হওয়া উচিত।
চাকরি প্রার্থীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ২০ হাজার নিয়োগের কথা ছিল। কিন্তু সাড়ে ১৬ হাজার নিয়োগের পরে আর নিয়োগ হয়নি। এখনও ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদ খালি পড়ে রয়েছে। সেই পদে নিয়োগ করুক সরকার। এমনটাই চান চাকরি প্রার্থীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, ২০১৪ এবং ২০১৭ কে একসঙ্গে জুড়ে দিয়ে নিয়োগ নিয়ে সমস্যা তৈরি করছেন নয়া পর্ষদ সভাপতি গৌতম পাল। তাই সেই ফাঁসে পা দিতে চাইছেন না তাঁরা।


এই সরকার না দিলে আমাদের সরকার চাকরি দেবে, সুকান্তর মন্তব্য ঘিরে চাঞ্চল্য

অন্যদিকে, এদিনেই করুণাময়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২০১৭ সালে টেট পাশ চাকরি প্রার্থীরা। কিন্তু তাঁদের পুলিশ পথ আটকালে ১০ নম্বর ট্যাঙ্কের সামনে বসে ধর্না দেখান চাকরি প্রার্থীরা। সেখান থেকেই দেওয়া হচ্ছে স্লোগান। কার্যত অবরুদ্ধ সল্টলেক।







