বিগত দুদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালিতে। তৃণমূল নেতা শাহজাহান শেখ ঘনিষ্ঠ দুইজনকে গ্রেফতার করার দাবিতে দফায় দফায় বিক্ষোভ করছে গ্রামবাসীরা। কয়েকটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।



আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী, মহিলাদের থানা ঘেরাও, জ্বলন্ত ফার্ম, শুক্রে কত কাণ্ড সন্দেশখালিতে?
সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি পাঠান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার। তিনি সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেন। চিঠিতে লেখা হয়েছে, ‘উত্তর ২৪ পরগনার সন্দেশখালি অঞ্চলে ঘটে চলা উদ্বেগজনক ঘটনা আপনার নজরে আনতে চাইছি। শেখ শাহজাহান (Sheikh Shahjahan), উত্তম সর্দার, শিবু হাজরা সহ তৃণমূলের গুণ্ডাদের অত্যাচারের জেরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।’



শেখ শাহজাহান প্রসঙ্গে চিঠিতে সুকান্ত মজুমদার জানিয়েছেন, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি (ED) আক্রান্ত হয়। শাহজাহানের জন্যই এলাকার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সন্দেশখালিকাণ্ডে আইনশৃঙ্খলার অবনতি, উদ্বেগ জানিয়ে শাহকে চিঠি সুকান্তর

বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। প্রথমে শিবু হাজরার একটি পোলট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয় উত্তম হাজরার অফিস। নৌকায় চেপে গ্রাম ছেড়ে পালান দুই নেতা। বৃহস্পতিবার হাতে লাঠি-বাঁশ নিয়ে রাস্তায় নেমে পড়েন গ্রামের মহিলারা। ঘেরাও করা হয় উত্তম ও শিবুর বাড়ি। থানার উদ্দেশ্যে মিছিল করেন তাঁরা। শুক্রবার জ্বালিয়ে দেওয়া হয় জেলিয়াখালি এলাকায় শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্ম। এরপর প্রায় পাঁচশোর বেশি মহিলা সারাদিন ধরে থানা ঘেরাও করেন। তাদের দাবি, অবিলম্বে শাহজাহান শেখ ও তাঁর অনুগামীদের গ্রেফতার করতে হবে।







