লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে সাত দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বেড়েছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), তিনি বঙ্গ বিজেপির সভাপতিও বটে। এদিন ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে বেরিয়ে পড়লেন সুকান্ত মজুমদার। পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষদের জন্য সুখবর দিলেন।



আরও পড়ুন: ভোট আবহে ‘লড়াই’ ভুলে সৌজন্য, অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার
শনিবার দুপুর ৩ টের পর বহু প্রতীক্ষিত ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু ভোট গ্রহণ। সাত দফায় ভোট হবে। সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট হবে আগামী ১ জুন। ফল ঘোষণা আগামী ৪ জুন। নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভার অন্তর্গত কুমারগঞ্জ বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘আজকে আমাদের জেলার জন্য একটি বিশেষ দিন। আজকে মাননীয় রেলমন্ত্রী এই জেলার জন্য দিল্লির ট্রেনের অনুমোদন দিয়েছেন।’ বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম সপ্তাহে দুদিন ট্রেন পাব, কিন্তু রেলমন্ত্রী দুদিনের জায়গায় সাত দিনের ট্রেন দিয়েছেন। যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়ে গিয়েছি।’ এই জন্য মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুকান্ত মজুমদার।


লোকসভার নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রচারে বিজেপি, বালুরঘাটের মানুষকে সুখবর দিলেন সুকান্ত

বালুরঘাট স্টেশন (Balurghat Station) থেকে দিল্লি পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু করার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন এলাকার সাধারণ মানুষ। সুকান্ত মজুমদার নিজে একাধিবার দিল্লিতে গিয়ে ট্রেনের জন্য দরবার করে এসেছিলেন। অবশেষে ভোটের মুখে সেই দাবি পূরণ হল। সূত্রে খবর, ভোটের মধ্যে কিংবা পরেই ট্রেন চলাচল শুরু হবে। ট্রেনের দাবি পূরণ হওয়ায় জেলাজুড়ে খুশির হাওয়া।








