নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষদের, রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা গ্রহণ হয়েছে। আগামী সপ্তাহেই শুনানি হতে পারে।
আরও পড়ুন: মোদিজিই ক্ষমতায় আসছেন, দেখবেন আর লুচির মতো ফুলবেন, মমতাকে পাল্টা দিলেন সুকান্ত


মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আদালতে তিনি দাবি করেন, ২০২০ সালে কমন সার্ভিস সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরিবর্তে বাংলা সেবা কেন্দ্র চালু করা হয়েছে। বলে রাখা ভাল, নরেন্দ্র মোদীর সরকারে কেন্দ্রীয় প্রকল্পের কথা যাতে বাংলার মানুষ জানতে পারে তার জন্য পঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় সরকারের তরফে কমন সার্ভিস সেন্টার চালু করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৪০ হাজার সিএসসি বন্ধ করে দিয়েছে। বঙ্গ বিজেপির অভিযোগ, বাংলার সাধারণ মানুষ যাতে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা না পেতে পারে সেই কারণেই এই পদক্ষেপ করেছে রাজ্য।

সুকান্ত মজুমদার আরও দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা না পাওয়ায় বাংলার অনেক মানুষ কাজ হারিয়েছেন। তিনি বলেন, ‘রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত অফিসে কমপক্ষে দেড় লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করেছে রাজ্য। তাই ফের পঞ্চায়েত অফিসগুলিতে কেন্দ্রের পরিষেবা চালু করার আবেদন করেছেন তিনি।



গতকাল (২১ আগস্ট) নেতাজী ইন্ডোরে আয়োজিত ইমাম মোয়াজ্জেমদের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মোদীজির মেয়াদ আর মাত্র ৬ মাস! তাঁর এই মন্তব্যে পাল্টা সুকান্ত মজুমদার দাবি করেন, “আগামী বছর লোকসভার পরে দেখা যাবে, মোদীজিই ক্ষমতায় আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দেখবেন আর লুচির মতো ফুলবেন! আর কিছু করার নেই ওনার।”
কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত বাংলা, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ সুকান্ত








