শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আগামী ২৬ তারিখ দ্বিতীয় দফা। সেদিনই বালুরঘাটে ভোটগ্রহণ। ফলে, এই মুহূর্তে জোরকদমে প্রচার চলছে সমস্ত রাজনৈতিক দলের। রবিবার বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর আগমনের কথা শুনে তাঁকে চায়ের আমন্ত্রণ জানালেন, বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। উন্নয়ন নিয়ে আলোচনা করতেও আগ্রহী বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিজেপির অমিত মালব্যর বিরুদ্ধে FIR করল তৃণমূল
রবিবার সকাল থেকেই রোড-শো করছেন সুকান্ত মজুমদার। তাঁর মতে, এবার রেকর্ড ভোটে জিতবেন তিনি। শনিবারই বালুরঘাটে রোড-শো করেন তৃণমূল সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি সুকান্তকে কটাক্ষ করে বলেন, বিগত ৫ বছরে সাংসদ হিসাবে কাজ করতে ব্যর্থ হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।

এর পাল্টা সুকান্ত এদিন বলেন, “তৃণমূলের নেতারাও বলতে পারবে না, সুকান্ত মজুমদার সাংসদ তহবিলের এক পয়সাও নিজে খেয়েছে! যিনি আমাকে সার্টিফিকেট দিচ্ছেন তিনি নিজে সংসদে ক’দিন যান? বোধহয় ১৫ দিনও যাননি! আমি সবচেয়ে বেশি প্রশ্ন করেছি। এলাকার অসুবিধার কথা তুলে ধরেছি। একাধিক ট্রেন চালু করেছি। তৃণমূল সাংসদ থাকাকালীন বালুরঘাটে কোনও কাজ হয়নি।”

ভোটপ্রচারে বালুরঘাটে মমতা, মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানালেন সুকান্ত
রবিবার বেলা ২টো নাগাদ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কুমারগঞ্জের চকরাম রায় গ্রাউন্ডে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বালুরঘাট টাউন ক্লাবে সভা করবেন ২:৩০ নাগাদ। এদিন একাধিক কর্মসূচি রয়েছে সুকান্ত মজুমদারেরও। এবার তাঁর আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ সাড়া দেবেন কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




