বুধবার সকাল সকাল নিজের পাড়ায় প্রচারে বেরোলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চেনা মুখ, চেনা গলি তাই সেরকম অসুবিধাও ছিল না। নিজেই চলে গেলেন বাড়িতে বাড়িতে। নিলেন আশীর্বাদ। শুনলেন অনেকেরই অভাব-অভিযোগ। প্রতিশ্রুতিও দিলেন পূরণ করার। বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের বিপ্লব মিত্রকে হারিয়ে তিনিই ফের সাংসদ হবেন সে ব্যাপারে আশাবাদী সুকান্ত।
আরও পড়ুন: মহুয়াকে তলব ইডির, ডাকা হল ‘বন্ধু’ দর্শনকেও, এবার মুখোমুখি বসিয়ে জেরা?


১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। বালুরঘাটে দ্বিতীয় দফা, ২৬ এপ্রিলে ভোটগ্রহণ। এই কেন্দ্রে ফের একবার সুকান্ত মজুমদারকেই টিকিট দিয়েছে বিজেপি। সেটা যদিও প্রত্যাশিতই ছিল। প্রথমত, তিনি রাজ্য বিজেপির সভাপতি, গুরুদায়িত্ব কাঁধে নিয়ে এখনও পর্যন্ত ব্যালেন্স রেখেই সামলে আসছেন দলকে। দ্বিতীয়ত, তিনি দু’বার সংসদরত্ন পুরস্কার পেয়েছেন। ফলে, বালুরঘাটে সুকান্ত মজুমদারের বিকল্প বিজেপির কাছে ছিল না বললেই চলে।

নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমেছেন সুকান্ত মজুমদার। দোলের দিন বালুরঘাট হাইস্কুল ও গঙ্গারামপুরে বসন্ত উৎসবে সামিল হন তিনি। পরের দিন, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবরামপুর গ্রামে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।



নিজের পাড়ায় প্রচারে সুকান্ত, চলল জনসংযোগ
বুধবার প্রথমে নিজের ২২ নম্বর ওয়ার্ডে প্রচার সেরে সুকান্ত মজুমদার চলে আসেন বালাপুরে একটি রক্তদান শিবিরে। এরপর সেখান থেকে যান তপনে ভারত সেবাশ্রমের বাৎসরিক অনুষ্ঠানে যোগ দিতে। বেলা ২টোর সময় কামারপাড়ায় বিজেপি কর্মীদের নিয়ে সম্মেলন করবেন তিনি। বিকেল ৫টার সময় ঠাকুরপুরাতে একটি অঞ্চল সম্মেলনে যোগদানের কথা রয়েছে। দিন শেষ হবে মহেন্দ্রতে একটি হরিবাসরের মাধ্যমে।









