বাংলার ভোটে আন্তর্জাতিক নজর: ৬ দেশ থেকে প্রতিনিধিদল, খতিয়ে দেখছে গোটা প্রক্রিয়া

বাংলার ভোটে আন্তর্জাতিক আগ্রহ তুঙ্গে—৬ দেশ ও একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি শিলিগুড়িতে, পর্যবেক্ষণে স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর নির্বাচন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গণতন্ত্রের এই উৎসব এবার আন্তর্জাতিক কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট সরেজমিনে দেখতে বিদেশ থেকে প্রতিনিধি দল এসে পৌঁছেছে শিলিগুড়িতে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, বিশাল আয়োজন এবং প্রযুক্তির ব্যবহার—সব কিছু কাছ থেকে পর্যবেক্ষণ করতেই তাঁদের এই সফর।

Siliguri-তে শিলিগুড়ি কলেজের ডিসিআরসি (ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার) ঘুরে দেখেন প্রতিনিধিরা। এই দলে রয়েছেন Namibia, Georgia, Nepal, Philippines, Switzerland এবং Kenya—এই ছয় দেশের প্রতিনিধিরা। পাশাপাশি উপস্থিত রয়েছে আন্তর্জাতিক সংস্থা International IDEA-র সদস্যরাও। সব মিলিয়ে ১৩ জনের এই দল বাংলার ভোট ব্যবস্থাকে কাছ থেকে দেখছেন।

ডিসিআরসি-তে পৌঁছে প্রথমেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। ভোট পরিচালনার সূক্ষ্ম দিকগুলি, কর্মীদের দায়িত্ববণ্টন এবং লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বিশদ ধারণা নেন তাঁরা। বিপুল সংখ্যক পুলিশ, প্রশাসনিক আধিকারিক এবং সরকারি কর্মীদের অংশগ্রহণ দেখে বিস্মিত হয়েছেন বলেই জানা গিয়েছে।

যদিও বিদেশি প্রতিনিধিরা সরাসরি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি, নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং জানান, পশ্চিমবঙ্গের নির্বাচন বিশ্বজুড়ে পরিচিত তার উৎসবমুখর পরিবেশের জন্য। তাঁর কথায়, “এই অভিজ্ঞতা ও বিশাল কর্মযজ্ঞ প্রত্যক্ষ করতেই তাঁরা এসেছেন।”

প্রতিনিধিদের সূচিতে রয়েছে মিডিয়া মনিটরিং সেন্টার এবং ওয়েবকাস্টিং মনিটরিং সেন্টার পরিদর্শন। বিশেষ করে এ বছরের ভোটে ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং নজরদারির বিষয়টি তাঁদের কাছে অন্যতম আকর্ষণ। শুধু তাই নয়, তাঁরা সরাসরি বিভিন্ন পোলিং স্টেশনেও গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভারতের সুসংগঠিত নির্বাচন পরিকাঠামো এবং প্রযুক্তির ব্যবহারে বিদেশি প্রতিনিধিরা যথেষ্ট প্রভাবিত। এই সফর আন্তর্জাতিক মহলে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন