ভোটের মরশুমে ফের বিতর্কের কেন্দ্রে Sayantika Banerjee। বামেদের অস্তিত্ব নিয়ে কটাক্ষ করতে গিয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। সোশ্যাল মিডিয়াতেও সেই মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিএমের লাল পতাকা এখন শুধু বিরিয়ানির হাঁড়ি ঢাকতেই কাজে লাগে।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বাম শিবিরের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই একে রাজনৈতিক সৌজন্যের সীমা লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।


আলোচনার সময় বামেদের ভোটব্যাঙ্ক প্রসঙ্গে প্রশ্ন উঠলে সায়ন্তিকা আরও বলেন, “মেরুদণ্ড থাকলে নিজেদের ভোট নিজেরাই দেবে, না থাকলে অন্যত্র যাবে।” তাঁর ইঙ্গিত ছিল বাম ভোট বিজেপির দিকে সরে যাচ্ছে। এখানেই থেমে থাকেননি তিনি—দাবি করেন, বামেদের রাজনৈতিক অবস্থান এখন শূন্যে এসে ঠেকেছে।
এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “এটা শ্রমজীবী মানুষের অপমান।” আবার কারও মতে, “এ ধরনের মন্তব্য একজন প্রার্থীর কাছ থেকে আশা করা যায় না।” বিরোধী শিবিরও সুযোগ হাতছাড়া করেনি—সায়ন্তিকাকে ‘অপরিণত’ বলেও কটাক্ষ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও তাঁর কিছু মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ফলে নির্বাচনের আবহে এই নতুন মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।










