ভোটের সকালেই একাধিক বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কে পশ্চিমবঙ্গের নির্বাচন। কোচবিহার, পুরুলিয়া, মুর্শিদাবাদ—বিভিন্ন জেলায় ভোট শুরুতেই সমস্যার মুখে পড়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি মমতা বন্দ্য়োপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হতে চলেছে? যদিও পরিস্থিতি সামাল দিতে দ্রুত আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ সিইও দপ্তরে পৌঁছে মনোজ আগরওয়াল জানান, বিভিন্ন জায়গা থেকে ইভিএম সংক্রান্ত সমস্যার খবর এসেছে, তবে দ্রুত তা মিটিয়ে ফেলা হবে। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া—“সব ঠিক হয়ে যাবে।”


ভোটের শুরুতেই মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার ১৫৬ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে পড়ে। পারসালিকা মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ে এই সমস্যা তৈরি হওয়ায় কিছু সময় ভোটগ্রহণ বন্ধ থাকে। একই জেলার সামসেরগঞ্জের ২১২ নম্বর বুথ এবং কান্দির ১৩০ নম্বর বুথেও দেরিতে ভোট শুরু হয়।
শুধু মুর্শিদাবাদ নয়, নন্দীগ্রামের বিরুলিয়াতেও ইভিএম ত্রুটির অভিযোগ সামনে আসে। কোচবিহার টাউন হাই স্কুলের ২২৯ নম্বর বুথেও ভোটগ্রহণে বিঘ্ন ঘটে। কোথাও কন্ট্রোল ইউনিট বিকল হয়ে যায়, আবার কোথাও ভিভিপ্যাট মেশিন লক হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়।
কোচবিহারের আঙ্গারকাটা প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ভিভিপ্যাট লক হয়ে যাওয়ার ঘটনায় ভোট সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরে নতুন ভিভিপ্যাট মেশিন আনা হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়।


এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তীব্র হয়েছে। ভোটের আগেই ইভিএম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দিনের শুরুতেই এই ধরনের প্রযুক্তিগত সমস্যায় রাজনৈতিক বিতর্ক আরও উসকে উঠেছে।
তবে নির্বাচন কমিশনের তরফে বারবারই জানানো হচ্ছে, এই ধরনের যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে ভোট প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব পড়তে দেওয়া হবে না।







