নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা পরামর্শ চাইনি। তৃণমূলের সাথে জোট ইস্যুতে জবাব দিলেন সুজন চক্রবর্তী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন বিজেপি বিরোধী জোটে বঙ্গ সিপিআইএম আছে কিনা। বুধবার রাজধানীতে সংসদীয় কমিটির এক বৈঠকে এই প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। কেরলে প্রসঙ্গ টেনে বাংলার বামেদের নিয়ে তাঁর প্রশ্ন, “ওরা পারবে না কেন?” এই প্রসঙ্গেই মমতা কে তুলোধনা করলেন সুজন।
আরও পড়ুনঃ নিয়োগ দিন অথবা স্বেচ্ছামৃত্যুর অনুমতি, TET উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল তিলোত্তমা।


এদিন বামেদের প্রসঙ্গ উত্থাপন হলে মমতা বলেন, “বামেদের আগে ঠিক করতে হবে বড় শত্রু কে। জাতীয় স্তরে ওদের অবস্থান জানাক।” সেই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, “‘মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা পরামর্শ চাইনি। দেশজুড়ে এখন প্রধান শত্রু বিজেপি এ নিয়ে কোনও বিভ্রান্তি নেই। কিন্তু বাংলায় তৃণমূল নেত্রীর জন্যই বিজেপি আজ ৭৭টা আসন জিতেছে। উনিই একবার কংগ্রেস, একবার বিজেপির হাত ধরেছেন। ফলে মমতাই আগে স্থির করুন বিজেপি বিরোধীতায় তৃণমূলের অবস্থান কী হবে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা পরামর্শ চাইনি, জোট ইস্যুতে জবাব সুজনের।

এদিকে BJP-র বিরুদ্ধে তৃণমূলের জোটে CPI-FB থাকছে তা স্পষ্ট জানিয়েছেন দুই দলের রাজ্য সম্পাদক। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির মত সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতেই বাংলার মানুষ তৃণমূলকে শক্তিশালী করেছে। সর্বভারতীয় স্তরেও যদি বিজেপিকে রুখে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অগ্রসর হয় তাহলে আমাদের জোটে যেতে আপত্তি নেই।


২০২১ নির্বাচনে ভরাডুবির পরই ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। গত মে মাসে তৃণমূল নেত্রীকে চিঠি পাঠিয়ে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট শক্তিশালী করতে পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। এখন দেখার রাজ্য সিপিআইএম কি সিদ্ধান্ত নেয়।প্রসঙ্গত, কদিন আগেই সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছিলেন আর যার সাথেই তাঁরা জোট করুন না কেন, তৃণমূল বা বিজেপির সাথে কখনই জোট করবেন না।








