স্ট্রং রুমে ৪ ঘণ্টা নজরদারি, বেরিয়েই বিস্ফোরক মমতা—পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ

শাখাওয়াত স্ট্রং রুমে টানা চার ঘণ্টা কাটিয়ে পোস্টাল ব্যালট কারচুপির অভিযোগ তুললেন মমতা, প্রার্থীদের রাত জেগে পাহারা ও বাড়তি নজরদারির নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট গণনার আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। স্ট্রং রুমে টানা চার ঘণ্টা কাটিয়ে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ তুললেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানালেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায় পুলিশেরই। পাশাপাশি পোস্টাল ব্যালট ‘এদিক-ওদিক’ করা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ তোলেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে পৌঁছে যান মমতা। সেখানে উপস্থিত ছিলেন বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। নিজের কেন্দ্রের ইভিএম সুরক্ষিত কি না তা খতিয়ে দেখতে এবং বিভিন্ন জায়গা থেকে ওঠা কারচুপির অভিযোগ যাচাই করতেই তাঁর এই পদক্ষেপ বলে জানান তিনি।

স্ট্রং রুমের ভিতরে দীর্ঘ সময় অবস্থানের পর বেরিয়ে মমতা দাবি করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ইভিএম নিয়ে অনিয়মের অভিযোগ ও ভিডিও সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই তিনি নিজে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাঁর অভিযোগ, বাইরের লোক এসে পোস্টাল ব্যালট নড়াচড়া করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

এই পরিস্থিতিতে কড়া নজরদারির নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। তিনি দলের প্রার্থীদের রাত জেগে স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দেন। এমনকি কেউ সাময়িকভাবে বাইরে গেলে তাঁর বদলে অন্য কাউকে দায়িত্বে রাখার কথাও বলেন। প্রার্থীদের জন্য জল ও খাবারের ব্যবস্থাও আগে থেকে নিশ্চিত রাখতে বলেন তিনি।

পুলিশের ভূমিকায় সরাসরি প্রশ্ন তুলে মমতা বলেন, রাজ্য পুলিশ যদি নিজেদের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তার দায় তাদেরই। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশ তাঁর নিয়ন্ত্রণে নেই। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

স্ট্রং রুমের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক প্রস্তাবও দেন তিনি। মমতার দাবি, শুধু ভিতরেই নয়, স্ট্রং রুমের বাইরেও সিসিটিভি নজরদারি থাকা উচিত। পাশাপাশি সংবাদমাধ্যমের জন্যও আলাদা নজরদারি ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি।

এর আগে বিকেলে এক ভিডিও বার্তায় তৃণমূল নেত্রী প্রার্থীদের উদ্দেশে বলেন, ইভিএম পাহারা দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর আশঙ্কা, গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময় তা বদলে দেওয়ার চেষ্টা হতে পারে। তাই ২৯৪টি আসনের প্রতিটি প্রার্থীকে নিজে উপস্থিত থেকে নজরদারি করার নির্দেশ দেন তিনি। “আমি যদি পারি, আপনারাও পারবেন”—এই বার্তায় কর্মীদের উদ্বুদ্ধ করেন মমতা।

রাত প্রায় ৮টা নাগাদ বৃষ্টি মাথায় করেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছন তিনি এবং টানা চার ঘণ্টা সেখানে থাকেন। শেষমেশ রাত ১২টা ৭ মিনিটে বেরিয়ে এসে তাঁর স্পষ্ট বার্তা—ভোটে কারচুপি বা অনিয়ম কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত