ভোটের স্বচ্ছতা নিয়ে তীব্র উদ্বেগ, প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন—প্রায় চার ঘণ্টা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে কাটানোর পর বেরিয়ে এসে বিস্ফোরক বার্তা দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দোপাধ্যায়। তাঁর সাফ কথা, মানুষের দেওয়া ভোটে কারচুপি বা লুটের চেষ্টা হলে “জীবন দিয়েও লড়াই” করবেন।
শুক্রবার গভীর রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, নিজের কেন্দ্রের ইভিএম সুরক্ষিত কি না তা নিশ্চিত করতেই তিনি সেখানে উপস্থিত ছিলেন। তাঁর দাবি, রাজ্যের একাধিক জায়গায়—নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-সহ—ইভিএম নিয়ে অনিয়মের অভিযোগ ও ভিডিও সামনে এসেছে। সেই কারণেই সতর্ক হয়ে নিজে নজরদারিতে নেমেছেন তিনি।



প্রায় চার ঘণ্টা স্ট্রং রুম কেন্দ্রের ভিতরে অবস্থান করেন তৃণমূল নেত্রী। এই সময়ের মধ্যে স্কুল চত্বর ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী, আর বাইরে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা চরমে ওঠে।
কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, পুলিশ যদি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে ব্যর্থ হয়, তাহলে সেই দায় তাদেরই। একইসঙ্গে স্পষ্ট করে দেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্য পুলিশ তাঁর নিয়ন্ত্রণে নেই বলেও তিনি মনে করেন।
এরপরই গুরুতর অভিযোগ তুলে মমতা দাবি করেন, পোস্টাল ব্যালট “এদিক-ওদিক” করা হচ্ছে। গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে স্ট্রং রুমের বাইরেও সিসি ক্যামেরা বসানোর দাবি জানান তিনি। তাঁর কথায়, ভোট শুধু দেওয়াই নয়, সেই ভোটের সঠিক গণনাও নিশ্চিত করা সমান জরুরি।


শেষে ফের কড়া বার্তা শোনান মুখ্যমন্ত্রী—“সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই ভোটে যদি কারচুপি হয় বা লুটের চেষ্টা হয়, তাহলে আমরা শেষ পর্যন্ত লড়ব।”







