নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দিন অথবা স্বেচ্ছামৃত্যুর অনুমতি, Tet উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হল কলকাতার রাজপথ। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অচলাবস্থা অব্যাহত। দীর্ঘদিন পর উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে সদর্থক ভূমিকা দেখিয়েছে রাজ্য। শুরু হয়েছে ইন্টারভিউ। তবে ইন্টারভিউ হলেই যে নিয়োগপত্র হাতে মিলবে এমনটা নয়। একাধিকবার তালিকা প্রকাশের পরেও অসঙ্গতি অভিযোগে মামলা ঝুলে রয়েছে ডিভিশন বেঞ্চে।
আরও পড়ুনঃ ফের করোনা সংক্রমণ উর্দ্ধমুখী বাংলায়, তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিয়ে কমল সুস্থতার হার


এদিকে প্রাথমিকে চাকরি না পেয়ে এবার মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। কিন্তু এই চাকরিপ্রার্থী কারা? এরা হলেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থী। অভিযোগ পাশ করে বসে রয়েছেন, ইন্টারভিউ হয়েছে অথচ নিয়োগপত্র পাননি। ক্রমশ বাড়ছে বয়েস। পরিস্থিতি এমন যায়গায় পৌঁছাচ্ছে যে আর কিছুদিন পর চাকরি পাওয়ার বয়েস পেরিয়ে যাবে তাঁদের।
তাই মুখ্যমন্ত্রীর কাছে চাকরিপ্রার্থীদের দাবি, নিয়োগ দিন অথবা স্বেচ্ছামৃত্যুর অনুমতি। উল্লেখ্য, নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। সেইমত, ২০২১ সালে বিধানসভা নির্বাচন হওয়ার আগে ৫ হাজার ৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল পর্ষদের তরফে। পরে নির্বাচন বিধি চালু হয়ে যাওয়ায় আর নিয়োগপত্র দেওয়া হয় নি কাউকে। বাকি রয়েছে কাউন্সেলিংও।
নিয়োগ দিন অথবা স্বেচ্ছামৃত্যুর অনুমতি, Tet উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল তিলোত্তমা।
অন্যদিকে শিক্ষা দফতর সূত্রে খবর, ২০১৪ সালে টেট পরীক্ষায় (TET) উত্তীর্ণ হয়েছিলেন যারা তাঁদের মধ্যে ১০ হাজার ৫০০ জন নিয়োগ পত্র হাতে পাবেন চলতি বছর অক্টোবর মাসের মধ্যেই। দ্রুততার সাথে বিজ্ঞপ্তি জারি করার চেষ্টা চলছে। তবে করোনা পরিস্থিতিতে কাউন্সেলিং অনলাইন না অফ লাইনে হবে সে ব্যাপারে কিছু জানায়নি কমিশন।



২০১৪ সালের টেট পরীক্ষায় (TET) উত্তীর্ণ ৩১ হাজার ৫০০ জনের মধ্যে থেকে ১০ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হবে বলে জানা গেছে।







