নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, কেউ নিরাপত্তার অভাব বোধ করলে থানায় অভিযোগ জানাতে পারবেন। বিচারপতি জানিয়েছেন, রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফে যে ব্যাখা করা হয়েছে তাতে আদালত সন্তুষ্ট।
আরও পড়ুনঃ বর্ষবরণ উৎসবে শিথিল হচ্ছে রাজ্যের কোভিডবিধি, ঘোষণা রাজ্য সরকারের


কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছিল, রাজ্যের বিধানসভা নির্বাচনের পর যে অশান্তি এবং হিংসার ঘটনা ঘটে চলেছে তাতে রাজ্য পুলিশের ওপর আস্থা রাখত চাইছেন না তাঁরা। এদিন আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুর বলেন, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত। পাল্টা রাজ্যের আইনজীবীর তরফে জানানো হয়, মাত্র চার জনের অভিযোগের ভিত্তিতে বলা সম্ভব নয় রাজ্য পুলিশ ঠিকমতো কাজ করছে না।
এর আগে কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। কিন্তু বিজেপির আবেদন খারিজ করে দেয় আদালত। বরং হাইকোর্টের ওপর আস্থা রেখেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বুধবার মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে গড়ায়।
কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের ওপর আস্থা আদালতের

এছাড়াও গতকালেই কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে দ্রুত যে সমস্ত পুর এলাকার নির্বাচন বাকি রয়েছে, তা সেরে ফেলতে হবে। যত কম দফায় সম্ভব নির্বাচন সেরে ফেলার নির্দেশ দেয় আদালত। এমনকি এবিষয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য চেয়ে পাঠিয়েছে আদালত। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে এই জবাব আদালতের কাছে জমা দিতে হবে উভয় পক্ষকে।









