দীর্ঘ অপেক্ষার অবসান। আজ রাতেই প্রকাশিত হতে চলেছে এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা। রাজ্য সরকারের সবুজ সংকেত মিলতেই School Service Commission-এর ওয়েবসাইটে আজ রাতেই প্যানেল আপলোড করা হবে বলে কমিশন সূত্রে খবর। মোট ১২,৪৪৫টি শূন্যপদের জন্য এই মেধাতালিকা প্রকাশিত হচ্ছে।
এসএসসি সূত্রে জানানো হয়েছে, চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যেই সুপারিশপত্র (Recommendation Letter) দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মেধাতালিকা প্রকাশের পর ২৭ জানুয়ারি বা তার পর থেকেই কাউন্সেলিং শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। কাউন্সেলিং শেষ হওয়ার পর সর্বোচ্চ সাত দিনের মধ্যেই সুপারিশপত্র দেওয়া হতে পারে।


ইতিমধ্যেই একাদশ–দ্বাদশ স্তরের জন্য ইন্টারভিউ ও নথি যাচাইয়ের সমস্ত প্রক্রিয়া শেষ করেছে এসএসসি। উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্ট নিয়োগের মেয়াদ ২০২৬ সালের ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ালেও, রাজ্য সরকার আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ১৪ সেপ্টেম্বর একাদশ–দ্বাদশের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ফল প্রকাশ হয় ৭ নভেম্বর। রাজ্যের ৪৭৮টি পরীক্ষা কেন্দ্রে, মোট ৩৫টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি বিষয়ের পূর্ণমান ছিল ৬০।
এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন প্রার্থী, যার মধ্যে ৩,১২০ জন ছিলেন বিশেষ ভাবে সক্ষম। পরীক্ষায় বসেছিলেন মোট ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন।
তবে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কারণ ওই স্তরের জন্য এখনও ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়নি। ফলে নবম–দশমের মেধাতালিকা কবে প্রকাশিত হবে, তা স্পষ্ট নয়।


অন্যদিকে, স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর—আগামী ১ মার্চ (রবিবার) গ্রুপ ‘সি’ নিয়োগের লিখিত পরীক্ষা হতে পারে। তার ঠিক এক সপ্তাহ পর, অর্থাৎ ৮ মার্চ (রবিবার) গ্রুপ ‘ডি’ নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই দুই পরীক্ষার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এসএসসি।







