নজরবন্দি ব্যুরোঃ সোনায় বিনিয়োগের বিরাট সুযোগ দিচ্ছে কেন্দ্র। দীপাবলি ও ধনতেরসের আগে সপ্তম দফার সভেরেইন গোল্ড বন্ড বা স্বর্ণ ঋণপত্র বিক্রি শুরু হচ্ছে আগামিকাল, অর্থাৎ ২৫ অক্টোবর থেকে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, সাধারণ মানুষ ঋণপত্র কেনার সুযোগ পাবেন ৫ দিনের জন্য। ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে সভেরেইন গোল্ড বন্ড বা স্বর্ণ ঋণপত্র বিক্রি। এটা সপ্তম দফার অফার। এইবার প্রতি ১০ গ্রাম সোনায় ৫০০ টাকা ছাড় দিচ্ছে কেন্দ্র।
আরও পড়ুনঃ GST-র আওতায় এলে ৩০ টাকা দাম কমবে জ্বালানীর, তবে আয় কমবে সরকারের!


কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প শুধু ভারতীয় নাগরিক ও সংস্থা গুলির জন্যই দেওয়া হয়। এই প্রকল্পে ভালরকম সুবিধা পান সাধারণ মানুষ। কারন, ধাতব সোনায় যা যা সুবিধা পাওয়া যায়, তার সবই মেলে কাগুজে সোনায়। কিভাবে? ধরাযাক আপনি ১০ গ্রাম সোনা কিনতে চান, এ ক্ষেত্রে ওই ওজনের দাম দিয়েই বন্ড কেনা যাবে। যা কিনলেন তাতো থাকছেই, আবার অনেক ক্ষেত্রে নিশ্চিত রিটার্নের মতো বাড়তি সুবিধাও মেলে।
২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বন্ড বিক্রিত সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৫ সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত অরুন জেটলি সভেরেইন গোল্ড বন্ড বাজারে আনার কথা জানিয়েছিলেন বাজেট বক্তৃতায়। তারপর, ২০১৫ সালের নভেম্বরে প্রথমবার চালু হয় স্বর্ণ বন্ড। সরকারি এই প্রকল্পে সবচেয়ে কম ১ গ্রাম সোনা কিনতে হয় কমপক্ষে ৮ বছরের জন্যে। বছরে ২.৫০ শতাংশ হারে নিশ্চিত সুদ পাওয়া যায়। বন্ড ৮ বছরের জন্যে কিনলেও পাঁচ বছর পরে গ্রাহকরা প্রয়োজন হলে তা বিক্রি করে টাকা নিয়ে নিতে পারেন।
সোনায় ৫০০ টাকা ছাড় দিচ্ছে কেন্দ্র, বিনিয়োগের বড় সুযোগ কাল থেকে ৫ দিন!

সপ্তম দফার নির্দেশিকায় জানানো হয়েছে, সভেরেইন গোল্ড বন্ড ডিজিটাল মাধ্যমে কিনলে প্রতি গ্রাম সোনায় ৫০ টাকা করে ছাড় পাওয়া যাবে। এই বন্ড কিনতে পারবেন ব্যাঙ্ক ও নির্দিষ্ট কিছু ডাকঘর থেকে। তবে স্টক হোল্ডিং কর্পোরেশন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-সহ দেশের বড় এক্সচেঞ্জগুলির মাধ্যমেও তেই বন্ড কেনা যাবে। এই সোনাবন্ড গচ্ছিত রেখে ঋণ নিতে পারবেন গ্রাহক। আয়করের নিয়ম অনুযায়ী এই প্রকল্পে পাওয়া সুদে করছাড় নেই। একজন সর্বোচ্চ ৪ কেজি সোনা কিনতে পারবেন। তবে কোনও ট্রাস্ট বা ওই ধরনের সংস্থা একটি আর্থিক বছরে সর্বোচ্চ ২০ কেজি সোনার বন্ড কিনতে পারবে।









