ভারতীয় রেলের নিয়ম ভাঙলে এবার আর রেহাই নেই। Indian Railways-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, বিনা টিকিটে যাত্রা থেকে শুরু করে ট্রেনে ভিক্ষাবৃত্তি, ধূমপান কিংবা অসদাচরণ— একাধিক অপরাধের জন্য বাড়ানো হয়েছে জরিমানার অঙ্ক। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারির পর শনিবার থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন নিয়ম।
২০২৬ সালের জন বিশ্বাস (সংশোধনী) আইনের আওতায় রেলের বিভিন্ন বিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বিনা টিকিটে যাত্রার ক্ষেত্রে। এতদিন টিকিট ছাড়া ট্রেনে ধরা পড়লে ২৫০ টাকা জরিমানা দিতে হত। এখন সেই জরিমানার পরিমাণ বেড়ে হয়েছে ৫০০ টাকা।
রেলের নতুন নিয়মে অন্যের টিকিট ব্যবহার করে ভ্রমণ করলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট টিকিট বাজেয়াপ্ত করা হবে এবং অতিরিক্ত অন্তত ৫০০ টাকা জরিমানা দিতে হবে যাত্রীকে।
ট্রেন বা রেল স্টেশনে অনুমতি ছাড়া কোনও পণ্য বিক্রি করা কিংবা ভিক্ষাবৃত্তি করলে ২,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল।

মদ্যপ অবস্থায় ট্রেনে ওঠা, সহযাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করা, ঝামেলা সৃষ্টি করা, থুতু ফেলা বা আপত্তিকর ভাষা ব্যবহার করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। একই ধরনের অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানা বেড়ে ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। প্রয়োজনে কারাদণ্ডের ব্যবস্থাও রয়েছে।
যাত্রী সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি ট্রেন বা স্টেশন চত্বরে ধূমপান করলে ২,০০০ টাকা জরিমানা গুনতে হবে।
মহিলাদের জন্য সংরক্ষিত কামরা বা নির্দিষ্ট আসনে কোনও পুরুষ যাত্রী বেআইনিভাবে প্রবেশ করলে তার বিরুদ্ধে ২,৫০০ টাকা জরিমানা ধার্য করা হবে। এছাড়া বিপজ্জনক বা নিষিদ্ধ সামগ্রী নিয়ে ভ্রমণ করলে ন্যূনতম ১০,০০০ টাকা জরিমানার মুখে পড়তে হতে পারে।
রেলের আইন ভঙ্গের ক্ষেত্রে প্রথমবার ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং একই অপরাধ পুনরাবৃত্তি হলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। ভারতীয় রেলের দাবি, যাত্রীদের নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরিষেবা নিশ্চিত করতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। তাই সকল যাত্রীকে বিধিনিষেধ মেনে চলার আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ।



