ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল, দেশের মধ্যে অন্যতম মোটরস্পোর্টস প্রতিযোগিতা। চলতি বছর অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এবার তৃতীয় মরশুম। আর এই প্রতিযোগিতায় এবার দল কিনলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের নাম কলকাতা রয়্যাল টাইগার্স! সৌরভের মতো ব্যক্তির নাম যুক্ত হওয়ায় দেশে মোটরস্পোর্টসের জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালের মূলত দু’টি পর্ব। ইন্ডিয়ান রেসিং লিগ ও ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতা মোট আট শহরের দল নিয়ে হবে। কলকাতা ছাড়াও রয়েছে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও আমদাবাদ। এবারই প্রথম এই প্রতিযোগিতায় কলকাতার দলকে দেখা যাবে।

কলকাতা রয়্যাল টাইগার্স দলের মালিক হয়ে সৌরভের প্রতিক্রিয়া, “আমি এই নতুন সফরের আগে রোমাঞ্চিত। মোটরস্পোর্টস বরাবরই আমার নেশা। এই সুযোগ শুধু যে খেলাটার প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে আমাকে সাহায্য করবে তাই নয়, বাংলার মানুষকে খেলাটার প্রতি আকর্ষিত করবে। ইন্ডিয়ান রেসিংয়ে ছাপ ফেলতে তৈরি কলকাতা রয়্যাল টাইগার্স।”
রেসিং দুনিয়ায় পদার্পণ সৌরভের, কলকাতা দলের মালিক হলেন মহারাজ!

এর আগেও ফুটবলে আতলেতিকো কলকাতার আংশিক মালিকানা ছিল সৌরভের। তবে, এক্ষেত্রে সৌরভই একমাত্র মালিক। আরপিপিএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অখিলেশ রেড্ডি বলেছেন, “আমরা কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক হিসাবে সৌরভ গাঙ্গুলির নাম ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি, বছরের পর বছর ধরে ক্রিকেটে সাফল্যে এনেন দিয়েছে। এবং, আমার বিশ্বাস, আগামী দিনে ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালেও তাঁর অংশগ্রহণ অতুলনীয় গতিশীলতা নিয়ে আসবে।”



