আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বিভিন্ন হাসপাতালে চলছে বিক্ষোভ। কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়ারা। সমাজের বিভিন্ন স্তরের মানুষরা আরজি কর-কাণ্ডের সমালোচনা করেছেন। প্রশ্ন উঠছে নারী সুরক্ষা ও নারী স্বাধীনতা নিয়ে। আর এবার আরজি করের ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলেই মনে করেন সৌরভ। তবে এর সঙ্গে মহারাজ এও বলেছেন, “এই ধরনের ঘটনা বিশ্বের যে কোনও প্রান্তে ঘটতে পারে। এমনকি ঘটেও। আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমরা সবাই এখানে থাকতে খুব ভালোবাসি। এই রকম একটা ঘটনা ঘটে গিয়েছে বলে বাংলাকে বদনাম করা ঠিক হবে না। এটা একটা দুর্ঘটনা। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।”


সৌরভ আরও মনে করেন, “বাংলায় বাংলায় মহিলারা যথেষ্ট সুরক্ষিত। তবে আরও সুরক্ষা বাড়ানো প্রয়োজন। যে এই কাজ করেছে তাঁর শাস্তি হওয়া উচিৎ। আর শুধুমাত্র হাসপাতালে কেন স্কুল, কলেজ সমস্ত জায়গাতেই মেয়েদের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।”
শুক্রবার রাতে আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শহরের অন্যতম প্রসিদ্ধ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল। ধৃত সঞ্জয় রায় পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। তিনি কলকাতা পুলিশের অধীনেই কর্মরত। এর পাশাপাশি আরজি কর হাসপাতালে রোগী ভর্তি এবং তাঁদের দেখাশোনার কাজও করতেন তিনি।
আরজি করের এই তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফাঁসির দাবি করেছেন। সঙ্গে এও বলেছেন, এই ধরনের ঘৃণ্য অপরাধের কোনও ক্ষমা নেই। চিকিৎসক এবং বিরোধী রাজনৈতিক দলের তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়। সেই বিষয়েও রাজ্য সরকারের আপত্তি নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।









