ভারত-পাক ম্যাচ মানেই আগে হাই ভোল্টেজ উত্তেজনা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় সেই উত্তেজনা যেন হারিয়ে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টানা জয় আর একতরফা ম্যাচ ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ কমিয়ে দিয়েছে। ভারত-পাক ম্যাচ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে তাই নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
কলকাতায় এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “এখন পাকিস্তান ভারতের সঙ্গে লড়াই করতে পারে না। ম্যানচেস্টার ডার্বি দেখাই ভালো।” তার মন্তব্যে স্পষ্ট—ভারত-পাক ক্রিকেটের পুরনো উত্তেজনা আর নেই।


ম্যানচেস্টার ডার্বির প্রতি সৌরভের ঝোঁক
সৌরভ জানালেন, তিনি ভারত-পাক ম্যাচের প্রথম ১৫ ওভার দেখেই টিভির চ্যানেল বদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বি দেখতে শুরু করেন। তার কথায়, “প্রথম ১৫ ওভারের পর খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম। তখন ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচ দেখছিলাম।”
তিনি আরও বলেন, আগে পাকিস্তানের দলে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, জাভেদ মিয়াঁদাদের মতো তারকারা খেলতেন। সেই সময়ের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। কিন্তু বর্তমানে সেই মানের ক্রিকেটার নেই পাকিস্তানের দলে।
শেষ পাঁচ বছরে ভারতের দাপট
শেষ পাঁচ বছরে ভারত-পাক ম্যাচে ভারতই অধিকাংশ সময়ে জয়ী হয়েছে। সৌরভ মনে করেন, এই একতরফা ফলাফলের কারণেই এখন আর দর্শকের আগ্রহ তৈরি হয় না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড কিংবা আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ এখনও উপভোগ্য। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার মতো।


তার ভাষায়, “শেষ পাঁচ বছরে একতরফা খেলা হয়েছে বেশিরভাগ সময়েই। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আর কোনও মানেই হয় না।”
খেলাধুলো ও সন্ত্রাস প্রসঙ্গ
হ্যান্ডশেক বিতর্কে মন্তব্য না করলেও সৌরভ সন্ত্রাসবাদ প্রসঙ্গে বার্তা দেন। তিনি জানান, সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি হলেও খেলাধুলো কখনওই থেমে থাকতে পারে না। এই বক্তব্যে প্রাক্তন অধিনায়কের স্পোর্টসম্যানশিপ স্পষ্ট হয়ে ওঠে।







