কুলটিতে চাঞ্চল্য: নাবালিকা নির্যাতনের অভিযোগে CISF জওয়ান গ্রেফতার, উত্তাল এলাকা

কুলটিতে নাবালিকা নির্যাতনের অভিযোগে CISF জওয়ান গ্রেফতার, পকসো আইনে মামলা, ঘটনায় উত্তেজনা ও বিক্ষোভে উত্তাল এলাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের নিরাপত্তা জোরদারে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী—সেই বাহিনীরই এক সদস্যের বিরুদ্ধে নাবালিকা নির্যাতনের অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়ল আসানসোলের কুলটি। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি Kulti থানার সাঁকতোরিয়া ফাঁড়ি সংলগ্ন শীতলপুর এলাকায়। অভিযোগ, রবিবার দুপুরে ১০ বছরের এক নাবালিকা ও তার সঙ্গী আম কুড়োতে গেলে CISF-এর এক জওয়ান তাকে প্রলোভন দেখিয়ে নিজের কোয়ার্টারে নিয়ে যায়। সেখানে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে পরিবারের দাবি।

আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরে নাবালিকা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপরই পরিবার আসানসোলের কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ এবং অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে সাসপেন্ড করেছে CISF কর্তৃপক্ষ।

ঘটনার খবর ছড়াতেই এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা ও শাসকদলের কর্মীরা শীতলপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী।

রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। শাসকদলের নেতাদের দাবি, যে কেন্দ্রীয় বাহিনীর উপর নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের এক সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং দোষীর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন