“মা দুর্গাও বলতে পারবেন না ফল”—ভোট-পরবর্তী জল্পনায় সৌরভের সাফ বার্তা

দ্বিতীয় দফার ভোটের পর ফল নিয়ে প্রশ্নে জল্পনা উড়িয়ে দিলেন সৌরভ, বললেন—গণনার দিনই সব পরিষ্কার হবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুই দফার ভোটগ্রহণ শেষ, ইভিএম বন্দি স্ট্রংরুমে—এখন রাজ্যজুড়ে একটাই প্রশ্ন, কাদের হাতে যাবে ক্ষমতা? ৪ মে গণনার আগে রাজনৈতিক উত্তেজনা চরমে, তারই মাঝে জল্পনায় জল ঢাললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভোটের ফল নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে নারাজ তিনি, বরং স্পষ্ট জানিয়ে দিলেন—ফল জানা যাবে কেবল গণনার দিনই।

ভোটপর্ব মোটের উপর শান্তিপূর্ণ হলেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে। কোথাও তৃণমূলের বিরুদ্ধে, কোথাও আবার বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠেছে। ফলে ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়েই এখন রাজনৈতিক মহলে বাড়ছে উৎকণ্ঠা।

এই আবহেই বুধবার দ্বিতীয় দফার ভোটের দিনে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দিতে যান সৌরভ। তাঁর সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কার্যত এড়িয়ে যান তুলনামূলক প্রশ্ন। আগের নির্বাচনের সঙ্গে এবারের ভোটের পার্থক্য জানতে চাইলে সৌরভের সংক্ষিপ্ত উত্তর—“এইসব আমাকে জিজ্ঞাসা করবেন না। আমি আমার ভোট দিয়ে দিয়েছি, ব্যাস।”

তবে পরবর্তীতে এক অনুষ্ঠানে ভোটের সম্ভাব্য ফল নিয়ে প্রশ্ন উঠতেই খানিক রসিকতার সুরে তিনি বলেন, “মা দুর্গাও ভোটের ফলাফল ভবিষ্যদ্বাণী করতে পারবেন না। সোমবার ব্যালট বাক্স খোলা হবে, তখনই সব জানা যাবে। এখন কীভাবে বলব?”

তার এই মন্তব্যে স্পষ্ট, জল্পনা-কল্পনার বদলে বাস্তব ফলাফলের অপেক্ষাতেই আস্থা রাখছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষণের বদলে একজন সাধারণ ভোটারের ভূমিকাতেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চেয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এখন নজর একটাই—৪ মে গণনার দিন। ততদিন পর্যন্ত রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং অনিশ্চয়তার আবহ চলতেই থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত