ভোটপর্ব শেষ হতেই তদন্তের চাকা ঘুরতে শুরু করেছে নতুন করে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন পুত্র সমুদ্র বসু এবং আইনজীবী।
এর আগে একাধিক বার ED-এর তলব সত্ত্বেও ভোটের ব্যস্ততার কারণে হাজিরা দিতে পারেননি বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত। বিষয়টি তিনি আদালতেও জানিয়েছিলেন। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী ১ মে সকাল সাড়ে ১০টায় হাজিরা দেওয়ার কথা ছিল, এবং নির্ধারিত সময়েই তিনি পৌঁছে যান।


তদন্তকারী সংস্থার তরফে এর আগে তাঁর বাড়ি, অফিস এবং সংশ্লিষ্ট একটি ধাবায় তল্লাশি চালানো হয়েছে। এমনকি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে এ দিন তাঁকে প্রশ্ন করা হতে পারে। ওই ধাবা নিয়েও তদন্তকারীদের বিশেষ আগ্রহ রয়েছে বলে জানা যাচ্ছে।
ইডি দফতরে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুজিত বলেন, তাঁর কাছে কোনও অতিরিক্ত নথি চাওয়া হয়নি। তবে তিনি আদালতের নির্দেশের প্রতিলিপি সঙ্গে করে নিয়ে এসেছেন বলে জানান। আগেই তিনি দাবি করেছিলেন, যে মামলায় তাঁকে তলব করা হচ্ছে, সেই মামলায় CBI চার্জশিট জমা দিলেও তাতে তাঁর নাম নেই।
বারবার তলবের পরও হাজিরা না দেওয়ায় শেষমেশ আদালতের দ্বারস্থ হন সুজিত। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নির্দেশ দেয়, নির্দিষ্ট দিনে তাঁকে ইডি দফতরে হাজিরা দিতেই হবে। সেই নির্দেশ মেনেই এ দিনের এই উপস্থিতি।


এখন নজর, জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে এগোয় এবং নতুন করে কী তথ্য উঠে আসে।








